সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত আইনের করা মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এম আতোয়ার রহমান গতকাল রোববার এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অধিকতর তদন্ত করে আগামী ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আদেশে বলা হয়, রানা প্লাজা ভবন নির্মাণে এবং নকশা অনুমোদনের ক্ষেত্রে যারা জড়িত, ওই সময়ের কোনো ব্যক্তিকে এই মামলায় সম্পৃক্ত করা হয়নি। তাদের বিষয়ে তদন্তও হয়নি। আদালতে দাখিল করা মামলার কাগজপত্র পর্যালোচনায় এটা প্রতীয়মান হয়েছে যে রানা প্লাজা ভবন নির্মাণে জাল-জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছিল।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক পোশাকশ্রমিক প্রাণ হারান। গত বছরের ১ জুন রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলায় ৪১ জনের বিরুদ্ধে এবং ইমারত আইনে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি।