সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনে করা মামলার বিচারকাজ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। রানা প্লাজার কর্ণধার সোহেল রানা, তাঁর বাবা-মাসহ ১৮ জন এই মামলার আসামি।
ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের করা আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। আদালত আগামী ২৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এর মধ্য দিয়ে রানা প্লাজা ধসের তিন বছরেরও বেশি সময় পর দুটি মামলার একটির বিচারকাজ শুরু হলো।
ঢাকা জেলার সরকারি কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ভবনের নকশায় ত্রুটি, অনুমোদন না নিয়ে ওপরের দিকে সম্প্রসারণ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ১২ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এ আইনে সর্বোচ্চ সাজা সাত বছর অথবা ৫০ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে। আইনে আরও বলা হয়েছে, আদালত চাইলে সাজা ও অর্থ জরিমানা উভয় দণ্ড দেওয়ারও বিধান রয়েছে।
একই ঘটনায় করা হত্যা মামলাটি ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। ১৮ জুলাই এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য আছে।
ইমারত নির্মাণ আইনে করা মামলায় অভিযোগপত্রভুক্ত ১৮ আসামির মধ্যে সোহেল রানাসহ কারাগারে আটক তিন আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়। ১০ জন জামিনে আছেন। বাকি পাঁচজন পলাতক। আদালতে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
পলাতক পাঁচ আসামি হলেন সাভার পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, ইথার টেক্সের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, রেজাউল ইসলাম ও ঠিকাদার নান্টু।
আদালত সূত্র বলেছে, গত বছরের ১ জুন রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলা ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় ওই ভবনের কর্ণধার সোহেল রানাসহ মোট ৪২ জনকে আসামি করে পৃথক অভিযোগপত্র দেয় সিআইডি। এর মধ্যে হত্যা মামলায় ৪১ জনকে ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জনকে আসামি করা হয়। এ হিসাবে দুই মামলার আসামি ৫৯ জন। তবে তাঁদের মধ্যে ১৭ জনের নাম উভয় মামলার অভিযোগপত্রে থাকায় ব্যক্তি হিসেবে আসামি ৪২ জন।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে ১১ শতাধিক মানুষ প্রাণ হারান। তাঁদের অধিকাংশই ছিলেন পোশাকশ্রমিক। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার মানুষ। এ ঘটনায় ওই বছরের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা করা হয়। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর এ দুই মামলায় ১২ জন সরকারি কর্মকর্তা, পোশাক কারখানার মালিকসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আমিনুল গনি ও ফারুক আহম্মেদ।