ডায়াবেটিস দিবসের আলোচনায় গণপূর্ত প্রতিমন্ত্রী
ইমারত নির্মাণ বিধিমালায় উন্মুক্ত জায়গা রাখা বাধ্যতামূলক হবে
ইমারত নির্মাণ বিধিমালায় হাঁটাচলা-খেলাধুলার জন্য কিছু উন্মুক্ত জায়গা রাখা বাধ্যতামূলক করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান গতকাল রোববার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান।হাঁটা, শরীরচর্চা বা শারীরিক পরিশ্রম না করলে ডায়াবেটিস (বহুমূত্র) রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়।বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরের মানুষ হাঁটাচলা, খেলাধুলার সুযোগ পাচ্ছে না। বাড়ি নির্মাণের সময় কেউ এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি হয় না।’ গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরকে সুপরিকল্পিতভাবে গড়ে তুলতে যে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) করা হয়েছে, তাতে কোন জায়গায় রাস্তা থাকবে, কোথায় খেলার মাঠ বা পুকুর থাকবে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। ড্যাপ বাস্তবায়নের বিরুদ্ধে ‘একদল দুর্বৃত্ত দাঁড়িয়েছে’ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘শহরকে বাসযোগ্য করতে তিনি জীবন দিতে প্রস্তুত আছেন।’বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, ৭০ ভাগ ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। নিয়মতান্ত্রিক জীবন যাপন করলে রোগটি প্রতিরোধ করা সম্ভব।সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন বলেন, দেশে এখন ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখ। যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে করে এখনই জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নিতে হবে। তিনি জানান, বিশ্ব ডায়াবেটিস দিবসের এ বছরের প্রতিপাদ্য: ‘আসুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিই, এখনই...’।ডায়াবেটিক সমিতির সহসভাপতি এ আর খান সতর্ক করে দিয়ে বলেন, একবার ডায়াবেটিসে আক্রান্ত হলে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ অসুখ-বিসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বারডেম হাসপাতালের মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ ডায়াবেটিসে আক্রান্তদের ব্লাডপ্রেশার, কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণে রাখা এবং অন্যদের রোগটি হওয়া এড়াতে নিয়ন্ত্রিত জীবন যাপন করার পরামর্শ দেন।নানা আয়োজনে দিবস পালিত: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং এর ৯০টি ইউনিট দেশব্যাপী সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিলি করে। এ ছাড়া সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত জাতীয় জাদুঘর, নিউমার্কেট, প্রেসক্লাবসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয়, ডায়াবেটিসের রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ ছাড়া দিনটি উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলের যৌথ উদ্যোগে ১ নভেম্বর থেকে পক্ষকালব্যাপী স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়। এতে ১৩ নভেম্বর পর্যন্ত ডায়াবেটিস সম্পর্কে কুইজ প্রতিযোগিতা, বিনা মূল্যে রক্তের শর্করা পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এর আওতায় আয়োজিত স্বাস্থ্য বিতর্কে ঢাকা শহরের ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া সারা দেশ থেকে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নেন মোট ১০,২১২ জন।