ইমারত নির্মাণকালে দুর্ঘটনার দায়দায়িত্ব ভবন মালিকের: রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যমান আইন ও বিধিবিধান না মেনে ভবন নির্মাণ করা হলে বা নির্মাণকালে কোনো দুর্ঘটনা ঘটলে তার সব দায়দায়িত্ব সংশ্লিষ্ট ভবনের মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানকে বহন করতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার স ম গোলাম কিবরিয়ার পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা ২০০৬, ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮ এবং ইমারত নির্মাণ আইন-১৯৫২-এ ভবন নির্মাণবিষয়ক দায়দায়িত্ব সুনির্দিষ্ট করা আছে। বিধিমালা অনুযায়ী, রাজউকের আওতাধীন এলাকায় ইমারত নির্মাণস্থলে যেকোনো দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো, ভূমিধস রোধ, কর্মরত নির্মাণ শ্রমিকদের নিরাপত্তাবিধান, আশপাশের ভবন, অবকাঠামো ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশিষ্ট ভবনের মালিক বা নির্মাণ প্রতিষ্ঠানের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা-২০০৬-এ বলা হয়েছে, নির্মাণকাজ পরিদর্শন, ব্যবহৃত উপকরণের গুণগত সঠিক মান নিশ্চিত করা, নির্বিঘ্ন কাজ সম্পাদন এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নির্মাণাধীন ইমারতের মালিক বা নিয়োগকৃত পেশাজীবীর। এ ছাড়া ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮-এর ১৮ (৩) বিধিতে বলা হয়েছে, সব নকশার ডিজাইন পর্যাপ্ততা ও উপযুক্ততার দায়িত্বভার নকশার সঙ্গে সংশ্লিষ্ট স্থপতি বা প্রকৌশলীর ওপর বর্তাবে।

তাই ইমারত নির্মাণ বিধিমালাসহ অন্যান্য বিধিমালা অনুসরণ করে অভিজ্ঞ প্রকৌশলীর তত্ত্বাবধানে ইমারত নির্মাণ ও নির্মাণকালে সব ধরনের নিরাপত্তা বিধানের জন্য মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানকে রাজউক অনুরোধ জানিয়েছে।