ইমেরিটাস প্রকাশক সম্মাননা পেলেন মহিউদ্দিন আহমেদ

দেশের প্রবীণ প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদকে ‘ইমেরিটাস প্রকাশক’ সম্মাননা দিয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। গতকাল বুধবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানে দেশের প্রকাশনাশিল্পে অনন্য ভূমিকা রাখায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
দেশের প্রকাশনাশিল্প আজ যাঁদের মেধা ও শ্রমের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এবং আন্তর্জাতিক সুনাম বয়ে এনেছে মহিউদ্দিন আহমেদ তাঁদের অন্যতম। অনুষ্ঠানের শুরুতে প্রকাশনাশিল্পে তাঁর তাৎপর্যপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। মানপত্র পাঠ করেন সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক। পরিবারের পক্ষে মহিউদ্দিন আহমেদের মেয়ে মাহ্রুখ মহিউদ্দিন বক্তব্য দেন। সঞ্চালনা করেন সমিতির সাবেক সহসভাপতি অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
শুরুতেই মহিউদ্দিন আহমেদ ও অতিথিদের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। মহিউদ্দিন আহমেদকে উত্তরীয় পরিয়ে দেন সংস্কৃতিমন্ত্রী। অর্থমন্ত্রী ও অনুষ্ঠানের সভাপতি তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। আবুল মাল আবদুল মুহিত বলেন, মহিউদ্দিন আহমেদ পাণ্ডুলিপি সম্পাদনার জন্য সম্পাদক নিয়োগ করে এ দেশে প্রকাশনার মান উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন মাত্রা সংযোজন করেছিলেন। সুসম্পাদিত গ্রন্থ প্রকাশ যেমন প্রকাশনার গুণগত উৎকর্ষ সাধন করেছে, তেমনি অনেক গুরুত্বপূর্ণ বই প্রকাশের মাধ্যমে তিনি দেশের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
আসাদুজ্জামান নূর বলেন, ব্যক্তিগতভাবে মহিউদ্দিন আহমেদ বর্ণাঢ্য জীবনের অধিকারী। নিজে সারা জীবন জ্ঞানের অন্বেষণে কাটিয়েছেন।
শামসুজ্জামান খান বলেন, তিনি প্রকাশনাকে কেবল আন্তর্জাতিক পর্যায়েই নিয়ে যাননি, সমাজ, সংস্কৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান, মহিউদ্দিন আহমেদের প্রকাশনাশিল্পে অবদানের উল্লেখের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি প্রচারবিমুখ। শিষ্টাচার ও সৌজন্যপরায়ণ। লেখক-প্রকাশকদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে মহিউদ্দিন আহমেদ লেখক ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি প্রকাশক হতে পেরেছি আপনারা বই লিখেছেন বলেই। বইটি হয়তো ভালোভাবে প্রকাশ করেছি এটুকুই আমার কাজ। তবে দেশের প্রকাশনাশিল্প খুব বেশি এগোয়নি। কারণ এখানে এখনো ভালো পাঠকসমাজ গড়ে ওঠেনি। পাঠাভ্যাস বৃদ্ধি ও ভালো পাঠকসমাজ গড়ে তোলা জাতির জন্যই খুব জরুরি।’