ইয়াবা দিয়ে চিকিৎসককে ফাঁসাতে গিয়ে নিজেরাই...
চট্টগ্রামে ৫০ হাজার টাকার চুক্তিতে ৮০টি ইয়াবা বড়ি দিয়ে এক চিকিৎসককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সোর্স। তাঁরা হলেন জেলার রাঙ্গুনিয়ার রুস্তম আলীর ছেলে সেকান্দর (৩৫) ও নগরের মিয়াখান এলাকার সোলেমান খানের ছেলে সাজ্জাদ (৩২)।
গতকাল মঙ্গলবার রাত নয়টায় নগরের জামালখান এলাকায় ওই চিকিৎসকের চেম্বার থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘জামালখান এলাকার চিকিৎসক মোহাম্মদ মোস্তফা এনামুল হকের সঙ্গে কিছু লোকের শত্রুতা আছে। তাঁকে ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য ডিবির সোর্স সেকান্দর ও সাজ্জাদের সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তি করে শত্রুতা থাকা লোকজন। ডিবির এক কর্মকর্তার সঙ্গে কথাও বলে দুই সোর্স। বিষয়টি ওই কর্মকর্তা আমাকে জানালে দুই সোর্সকে ধরতে বলি। দুই সোর্স ডিবির কর্মকর্তাকে ৫০ হাজার টাকা থেকে ১০ হাজার টাকাও দেয়। গতকাল রাতে রোগী সেজে ওই চিকিৎসকের চেম্বারে যায় দুই সোর্স। তারা চিকিৎসকের কক্ষে ৮০টি ইয়াবা বড়ি রেখে ডিবির ওই কর্মকর্তাকে ফোন করে চিকিৎসককে ধরতে। পরে ডিবির দল গিয়ে বিষয়টি সাজানো হওয়ায় দুই সোর্সকে গ্রেপ্তার করে।’
বাবুল আক্তার আরও বলেন, ‘নগরে পুলিশ সোর্সের হয়রানি বেড়ে চলেছে। তারা পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এ জন্য দুই সোর্সকে হাতেনাতে ধরতে ডিবির কর্মকর্তা প্রাথমিকভাবে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছিলেন।’ অভিযান দলে থাকা ডিবির এসআই সন্তোষ চাকমা বলেন, ‘দুই সোর্সের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এভাবে তারা কত মানুষকে হয়রানি করেছে, তা তদন্তে বেরিয়ে আসবে।’