ইয়াবা ধরতে কক্সবাজারে ডগ স্কোয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ইয়াবার চালান ধরতে আসছে ছয়টি ডগ স্কোয়াড। বিদেশি এই কুকুরগুলোকে ইয়াবার ওপর কয়েক মাস বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কাল মঙ্গলবার এই কুকুরগুলোকে কক্সবাজার সদরে ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নে আনা হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা মিয়ানমার থেকে ইয়াবা পাচারে নানা কৌশল নিয়ে থাকে। নারী-পুরুষ-শিশুর শরীরে লুকিয়ে, গাড়ির বিভিন্ন জায়গা, ট্রাকভর্তি মালের ভেতর, পেঁপে, কুমড়া, কাঁঠাল কিংবা হাঁস-মুরগি ও গরু ছাগলের পেটে ঢুকিয়ে তারা ইয়াবা পাচার করে। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড গন্ধ শুঁকে যেকোনো স্থানে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান দিতে পারবে।

১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার সাইফুল আলম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ডগ স্কোয়াডের কুকুরগুলো এখন চট্টগ্রাম রয়েছে। কাল মঙ্গলবার এগুলো কক্সবাজার আনা হবে। পরে ‘কক্সবাজার-টেকনাফ’ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এবং সমুদ্র উপকূলের ‘কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের’ রেজুরখালে দুটি ফাঁড়ি করে ইয়াবাবিরোধী অভিযান চালানো হবে। ডগ স্কোয়াড দিয়ে উখিয়া ও টেকনাফ থেকে কক্সবাজার ঢোকার দুটি সড়কে ২৪ ঘণ্টা তল্লাশি চালানো হবে।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের ২৭টি কারখানায় উৎপাদিত বেশির ভাগ ইয়াবা টেকনাফ-উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকে। মিয়ানমার ও বাংলাদেশের ২৯ প্রভাবশালীসহ ৭৮৬ জন ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। এর মধ্যে পুলিশেরও কয়েকজন সদস্য রয়েছে।