
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী সে দেশের সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচার নিয়ন্ত্রণের বিষয়ে বাংলাদেশের সঙ্গে একমত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ভারত ক্রমান্বয়ে সীমান্ত এলাকায় থাকা ফেনসিডিলের কারখানা বন্ধ করে দিচ্ছে। মিয়ানমারও রাজি হয়েছে ইয়াবা নিয়ন্ত্রণের জন্য।’
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যা ব-৭ কার্যালয় চত্বরে জব্দ করা ‘মাদকদ্রব্য ধ্বংস কর্মসূচি’ বিষয়ক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা কোনো মাদক তৈরি করি না। কিন্তু মাদকের ছোবল থেকে রেহাই পাচ্ছি না। মিয়ানমার ইয়াবা তৈরি করে। ভারত তৈরি করে ফেনসিডিল। দুই দেশকে আমরা অনুরোধ করেছি। মিয়ানমারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ভারতের সীমান্তরক্ষাকারী বাহিনীর সঙ্গে মাদক পাচার রোধে আলোচনা হয়েছে।’
অনুষ্ঠান শেষে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারত সরকার আমাদের সঙ্গে একমত হয়েছে তারা ফেনসিডিল কারখানা সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেবে। আমরা যেসব তালিকা দিয়েছি, সেই তালিকা ধরে তারা ক্রমান্বয়ে সরিয়ে নিচ্ছে। তারপরও আসছে বিভিন্নভাবে। মিয়ানমারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের প্রধান এসেছিলেন। তাদের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। এরপরও বন্ধ হয়নি। এ কারণে আমরা আরও উদ্যোগ নিচ্ছি।’
নৌযান পেয়ে র্যা ব সমুদ্রেও তাদের দক্ষতার পরিচয় দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে সমুদ্রে যাওয়ার জন্য র্যা বকে আরও সরঞ্জাম দেওয়া হবে। যেখানে দরকার সেখানে র্যা ব যাবে। সেই ব্যবস্থা করা হচ্ছে।’
অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘মাদকাসক্তকে আমরা রাজনীতি করার সুযোগ দিচ্ছি। পদ-পদবিও দিচ্ছি। আমরা যারা রাজনীতিবিদ তারা কোনো মাদকাসক্তকে আমাদের দলে সুযোগ দেব না—এমন শপথ করতে হবে। তাহলে মাদক গ্রহণের কেউ সাহস পাবে না।’
সাংসদ এম এ লতিফ বলেন, পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে সর্বনাশী মাদক থেকে মুক্তি মিলবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ইয়াবা ব্যবসা করে হঠাৎ করে অনেকে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার। মন্ত্রণালয় থেকে তদারক করে দেখুন—কারা এ ব্যবসা করছে। হয়তো ১০০-এর বেশি হবে না।’
র্যা বের মহাপরিচালক বেনজির আহমদ বলেন, ‘ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে দ্রুতগামী নৌযান পেয়ে ৪৫ লাখ ইয়াবা ধরতে পেরেছে র্যা ব। এখন রুট পরিবর্তন করে বরিশাল ও খুলনা উপকূল ব্যবহার করছে অপরাধীরা। পরবর্তী সময়ে রুটও তছনছ করে দেওয়া হবে।’
র্যা ব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গত ১৪ মাসে র্যা ব সাড়ে ৭৮ লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জব্দ করা ৪৫ লাখ ৩০ হাজার ইয়াবা, ১৫২ কেজি গাঁজা, ৪ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল, ২৩৯ বোতল বিদেশি মদ ও ৩১৪ ক্যান বিয়ার ধ্বংস করা হচ্ছে।’
অনুষ্ঠানে স্কুলশিক্ষার্থী তাসমিয়া আল শিরোপা বলেন, ‘মাদকমুক্ত পরিবেশে বড় হতে চাই।’
অনুষ্ঠান শেষ পর্যায়ে জব্দ করা ইয়াবা, দেশি-বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজা ধ্বংস করা হয়। র্যা বের হিসাব অনুযায়ী, মাদকসেবীদের কাছে এসব সামগ্রীর মূল্য ১৮২ কোটি টাকা।