ইয়াবা রাখার দায়ে রেলওয়ে কর্মীর ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা রাখার দায়ে রেলওয়ের নিরাপত্তাকর্মী রাসেল তালুকদারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। তা অনাদায়ে আসামিকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। 

সাজাপ্রাপ্ত আসামি রাশেদ তালুকদার চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। রায়ের আগে রাশেদ তালুকদারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে রাশেদকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
রায়ে বলা হয়, ২০১৬ সালের ১৪ এপ্রিল ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তার দায়িত্ব পালন করাকালে তাঁর দখল থেকে ১ হাজার ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সরকারি দায়িত্বে থাকার পরও নিষিদ্ধ মাদকদ্রব্য তাঁর হেফাজত থেকে পাওয়া গেছে। এ ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য। পুলিশ ঘটনা তদন্ত করে ওই বছরের ৮ মে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আনোয়ার হোসেন। আর আসামিপক্ষে ছিলেন আতাউর রহমান।