ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
ঢাকার আশুলিয়া থেকে মনসুর মাতব্বর নামের যুবলীগের এক নেতাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আটক করে। মনসুর মাতব্বর আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি
আশুলিয়ার বগাবাড়ী এলাকায়।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালায়। এ সময়
মনসুর তাঁর কয়েকজন সহযোগী নিয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনসুরের
সহযোগীরা পালিয়ে যান। পুলিশ মনসুরকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে ৫৩টি ইয়াবা উদ্ধার করে। পরে মনসুরকে সাভার
থানা সড়কের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবির একাধিক কর্মকর্তা জানান, মনসুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা আর হেরোইনের ব্যবসা
করে আসছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গতকাল রাত সাড়ে ১০টায় ডিবির পরিদর্শক শাহীন শাহ পারভেজ বলেন, ‘তাঁকে গ্রেপ্তারের
পরিকল্পনা আমাদের দীর্ঘদিনের। কিন্তু নিশ্চিত সংবাদের অভাবে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’