ইয়াসমিন ধর্ষণ ও হত্যাকাণ্ডের ১৮তম বার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে কিশোরী ইয়াসমিন ধর্ষণ ও হত্যাকাণ্ডের ১৮তম বার্ষিকী আজ। এ উপলক্ষে নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ, আদালতসহ সমাজের সচেতন মানুষদের আন্তরিক হতে এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে মহিলা পরিষদ।

আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মহিলা পরিষদসহ নারীবাদী সংগঠনগুলো দিবসটি ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করেছে।

দিবসটি উপলক্ষে উদীচী বেসরকারি সংস্থা মহিলা বহুমুখী সমিতি, পল্লীশ্রী কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ), এসসিডিএল ছাড়াও বিভিন্ন সংগঠন শুক্রবার শহরের নিমনগর বালুবাড়ি এলাকার শহীদ জাহাঙ্গীর কবরস্থানে ইয়াসমিনের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করে। বিকেলে আলোচনা সভা, কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দিনাজপুর শহরের রামনগর এলাকায় বসবাসকারী শরিফা বেগমের ১৩ বছরের মেয়ে ইয়াসমিন ঢাকায় গৃহপরিচারিকার কাজ করত। গৃহকর্তারা ছুটি না দেওয়ায় সে দীর্ঘদিন বাড়িতে যেতে পারেনি। অবশেষে ছুটি পেয়ে ১৯৯৫ সালের ২৩ আগস্ট ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওয়ানা দেয় সে। দিনাজপুরগামী কোনো বাসের  টিকিট না পেয়ে সে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী রাত্রিকালীন ‘হাছনা এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে রওয়ানা হয়। পরদিন ২৪ আগস্ট ভোরবেলা বাসটির চালক এবং তত্ত্বাবধায়ক দিনাজপুরের দশমাইল মোড়ে একজন পান দোকানদারের জিম্মায় ইয়াসমিনকে নামিয়ে দেন। তাঁরা সকাল হলে ইয়াসমিনকে দিনাজপুরগামী বাসে তুলে দিতে অনুরোধ করে চলে যান। 

 পরে কোতোয়ালি পুলিশের টহল দল সেখানে গিয়ে কিশোরী ইয়াসমিনকে শহরের রামনগরে তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পিকআপ ভ্যানে তুলে নেয়। কিন্তু পুলিশের সদস্যরা পথে কিশোরী ইয়াসমিনকে ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনার প্রতিবাদে দিনাজপুরের সর্বস্তরের মানুষ ফুঁসে ওঠে। তারা কোতোয়ালি থানা ঘেরাও করে। এ সময় পুলিশ জনতার ওপরে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে সামু, কাদের, সিরাজসহ সাতজন প্রাণ হারান। আহত হন আরও অনেকে।

গুলির ঘটনায় মামলার বিচার থেমে আছে

ঘটনায় দায়ের করা মামলার অন্যতম বাদী আইনজীবী মাজহারুল ইসলাম সরকার বলেন, ২০০৪ সালের ১ সেপ্টেম্বর ঘটনায় অভিযুক্ত পুলিশের তিন সদস্যের ফাঁসি কার্যকর হয়। অন্যদিকে ঘটনায় আন্দোলনকারী দিনাজপুরবাসীর ওপরে নির্বিচারে গুলি চালানোর অপরাধে তত্কালীন ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, ডাক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা বর্তমানে দিনাজপুর বিশেষ জজ আদালতে বিচারাধীন। তবে তদবিরের অভাবে মামলা দুটির বিচারকাজ থেমে আছে বলে তিনি জানান।