ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ১৮তম বার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ-আদালতসহ সমাজের সচেতন মানুষদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দিনাজপুরে কিশোরী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ১৮তম বার্ষিকী উপলক্ষে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকালে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই আবেদন জানানো হয়।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় এই কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষে সকালে শহরের নিমনগর বালুবাড়ী এলাকার শহীদ জাহাঙ্গীর গোরস্থানে ইয়াসমিনের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কোরআনখানি ও মিলাদ মাহফিল। এ ছাড়া শহরের রামনগর এলাকায় ইয়াসমিনের বাসায় কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বলে তাঁর মা শরীফা বেগম জানিয়েছেন।
দিনাজপুর শহরের রামনগর এলাকায় বসবাসকারী শরীফা বেগমের ১৩ বছর বয়সী মেয়ে ইয়াসমিন ঢাকায় গৃহপরিচারিকার কাজ করত। ছুটি পেয়ে সে ১৯৯৫ সালের এই দিনে বাড়ির উদ্দেশে রওনা দেয়। দিনাজপুরগামী কোনো কোচের টিকিট না পেয়ে সে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি বাসে উঠে দিনাজপুরের দশমাইল মোড়ে নামে। সেখান থেকে কোতোয়ালি পুলিশের টহল দল তাকে মায়ের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পিকআপ ভ্যানে তুলে নেয়। কিন্তু পুলিশ সদস্যরা পথে কিশোরী ইয়াসমিনকে ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যা করেন।