ইয়েমেন গেছে প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা তদারকের জন্য দুই সদস্যের প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী সানায় গেছে। প্রতিনিধিদলে রয়েছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কাউন্সেলর (রাজনৈতিক) এস এম মাহবুবুল আলম ও একজন কনস্যুলার কর্মকর্তা।
মাহবুবুল আলম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরাসরি বিমান যোগাযোগ না থাকায় ইথিওপিয়া হয়ে রাতে ইয়েমেন যাচ্ছি।’ তিনি জানান, ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের শনাক্ত করা, তাঁদের বাংলাদেশে আসার জন্য ভ্রমণ অনুমোদনপত্র (ট্রাভেল পারমিট) দেওয়া এবং যেসব দেশ ও সংস্থার মাধ্যমে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ হবে মূল কাজ। এ ছাড়া ইয়েমেনের সরকারের সঙ্গেও বাংলাদেশের নাগরিকের নিরাপত্তার বিষয়ে কথা হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের লোকজনকে সরিয়ে আনতে সরকার ইতিমধ্যে ভারত ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) অনুরোধ জানিয়েছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে যাওয়া প্রতিনিধিদলটি ইয়েমেন গিয়ে ওই অনুরোধের অগ্রগতি বাস্তবায়ন নিয়ে কথা বলবে। এ ছাড়া ইয়েমেন সীমান্তবর্তী জিবুতি থেকে বাংলাদেশের লোকজনকে বিমানে পাঠানোর বিষয়েও প্রতিনিধিদলটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবে। পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনে জিবুতিতে বিমান পাঠিয়ে লোকজনকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে। এ ছাড়া ভারত ও আইওএমের মাধ্যমে জাহাজে করে লোকজনকে বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে।