ইয়েমেন থেকে দেশের পথে আরও ৩৩৭ বাংলাদেশি
ইয়েমেন থেকে উদ্ধার হওয়া আরও ৩৩৭ বাংলাদেশি ভারতের কেরালার পথে রয়েছে। ভারতের জাহাজে করে তারা ইয়েমেন থেকে কেরালায় আসছে। গতকাল সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোট দুটি জাহাজে করে ওই বাংলাদেশিরা আসছে। এমভি কোরালসে আছে ২৭২ বাংলাদেশি। আর ৬৫ জন আছে এমভি কাবারতিতে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ১৪ জন নারী ও ১৩টি শিশু রয়েছে। সানা, হোদায়বা ও এডেন শহর থেকে তাদের উদ্ধার করে জাহাজে তোলা হয়েছে।
জাহাজ দুটি ১২ এপ্রিল জিবুতি থেকে ছেড়েছে। কেরালায় পৌঁছানোর কথা রয়েছে ১৮ এপ্রিল। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে তাদের কেরালা থেকে ঢাকা আনা হবে।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে সৌদি আরবের নেতৃত্বে অভিযান চলছে। এ অভিযানে কয়েক শ লোকের মৃত্যু হয়েছে। চীন, ভারতসহ একাধিক দেশ এরই মধ্যে তাদের নাগরিকদের ইয়েমেন থেকে সরিয়ে নিয়েছে। এখন পর্যন্ত ইয়েমেন থেকে জিবুতি হয়ে ২১ জন বাংলাদেশিকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।