ইয়েমেন থেকে ফিরলেন ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেন থেকে প্রথম দফায় ঢাকায় ফিরেছে ১১ জন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে (ফ্লাইট নং-ই কে ৫৮৬) করে তাঁরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। ১১ জনের মধ্যে আটজন নারী ও শিশু। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

ঢাকা ফেরত ১১ জনকে ইয়েমেন থেকে ভারতীয় জাহাজে করে জিবুতিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক দিন অবস্থানের পর আজ বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের খরচে জিবুতি থেকে তাঁরা দেশে ফেরেন।
এর আগে ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে স্থানান্তর এবং বাংলাদেশে প্রত্যাবাসনের লক্ষ্যে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মাহবুব আলম জিবুতির উদ্দেশে কুয়েত ত্যাগ করেন গত শুক্রবার।
গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় পর্যুদস্ত ইয়েমেনে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে, এঁদের বেশির ভাগ, অর্থাৎ এক হাজারের মতো রয়েছেন এডেনে। ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন থাকায় এডেন আপাতত নিরাপদ রয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০০ বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁদের তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে বাংলাদেশিদের ফেরত আনতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থারও (আইওএম) সহায়তা চেয়েছে সরকার। ভারতেরও সহায়তা চাওয়া হয়।