ইরাক ও সিরিয়ায় যাওয়া বাংলাদেশিরা কালো তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যাঁরা ইরাক ও সিরিয়ার আইএস-অধ্যুষিত এলাকায় চলে গেছেন, তাঁরা আর ফিরতে পারবেন না। তাঁদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের কর্মকর্তারা বলছেন, ইরাক ও সিরিয়ার বড় অংশ থেকে আইএস যোদ্ধারা সরে যেতে বাধ্য হয়েছেন বা নিহত হয়েছেন। এ অবস্থায় বাংলাদেশ থেকে ওই অঞ্চলগুলোতে থাকা ব্যক্তিদের প্রবেশ ঠেকানোটা জরুরি হয়ে পড়েছে।
আইএসে যোগ দিতে বাংলাদেশ থেকে কতজন গিয়েছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পুলিশ দিচ্ছে না। তাদের ধারণা, এই সংখ্যা ৫০-এর বেশি হবে না। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম বলেন, তাঁরা বৈধ পথে আসার চেষ্টা করবেন বলে তিনি মনে করেন না। তিনি বলেন, ‘যারা দেশ ছেড়ে গেছে, তারা ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। তাদের পাসপোর্টের তথ্য অভিবাসন পুলিশকে দেওয়া হয়েছে। এতে করে তাদের বৈধ পথে দেশে ঢোকার আর সুযোগ নেই।’
পুলিশ সূত্র জানায়, এখন পর্যন্ত তিন-চারজন বাংলাদেশে এসেছেন। তাঁরা দেশের বিভিন্ন কারাগারে আটক আছেন। এর বাইরে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের একজন সাইফুল হক সুজন ও অন্যজন আশিকুর রহমান জিলানী।