ইরাক থেকে ফিরলেন মুক্ত ১৫ জন
ইরাক থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন ১৫ জন বাংলাদেশি। আজ শনিবার এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তাঁরা ঢাকায় ফেরেন। এই ১৫ জন তিকরিতে ২৪ দিন বন্দী ছিলেন।
ফেরত আসা ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলামিন বলেন, ‘আমরা তিকরিতে গর্ভনর হাউসে ৩১ জন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করতাম। হঠাত্ করেই তিকরিতে যুদ্ধাবস্থা শুরু হয়। আমাদের মধ্যে তখন আতঙ্ক। হঠাত্ করেই একদিন বিদ্রোহীরা গভর্নর হাউসের দখল নেয়। এরপর তাঁরা আমাদের ৩১ জনকে জিম্মি করে। আমরা তাদের বারবার বলি, ভাই আমরা চাকরি করতে এই দেশে আসছি। আমাদের মেরো না। আমাদের কথায় তাদের মন গলে। তারা তখন আমাদের মারবে না বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ২৪ দিন আটকে রাখে। পরে তিকরিত থেকে মুক্ত করে আমাদের পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভারতীয় ৪৬ জন নার্সকে জিম্মি করে রাখা হয়েছিল। ওই ৪৬ জনসহ আমাদের কয়েকটি গাড়িতে করে কুর্দিস্থানে রেখে আসে অপহরণকারীরা।’
আলামিন আরও যোগ করলেন, ‘সেখানে ভারতীয় দূতাবাসের দুজন কর্মকর্তা ছিল। পরে কুর্দিস্থানের নিরাপত্তাবাহিনী ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের আমাদের বিমানবন্দরে নিয়ে যেতে বলে। এরপর আমরা ইরবিল বিমানবন্দরে আসি। সেখান থেকে দূতাবাসের সঙ্গে আমরা যোগাযোগ করি। ১৬ দিন পর আমরা দেশে ফিরলাম।’
আলামিন ছাড়া আজ আরও যাঁরা দেশে ফিরেছেন তাঁরা হলেন, ময়মনসিংহের মাহবুব আলম ও মোহাম্মদ মোস্তফা, শরীয়তপুরের জসিম সরকার, নরসিংদীর হান্নান মিয়া ও রাসেল মিয়া, মুন্সিগঞ্জের স্বপন মোল্লা, গাজীপুরের শফিকুল ইসলাম, বগুড়ার বাতেনুর রহমান, টাঙ্গাইলের বাবুল মিয়া, কক্সবাজারের নান্নু মিয়া, নারায়ণগঞ্জের ওয়াহিদ হোসেন, কিশোরগঞ্জের নূর আলম, মাগুরার মোকাদ্দেস হোসেন ও গোপালগঞ্জের সেলিম শেখ। এই বাংলাদেশিরা জানান, তাঁরা ৩১ জন থাকলেও ইরবিল বিমানবন্দর থেকে ১৬ জন পালিয়ে গেছেন।
১ জুলাই ইরাক থেকে ২৭ জন এবং ৮ জুলাই আরও ৫১ জন বাংলাদেশি ফিরে আসেন। পরে ১১ জুলাই ফিরেছেন আরও সাতজন। তাঁরা সবাই চাকরি করতেন বাগদাদের দক্ষিণ কোরিয়ার হনুয়া কোম্পানিতে। তবে যুদ্ধাবস্থার কারণে নিজেদের উদ্যোগেই তাঁরা দেশে ফিরেছেন। তবে আজ যে ১৫ জন ফিরেছেন তাঁরা সরকারি উদ্যোগে ফিরেছেন।
এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব বদিয়ার রহমান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পরিচালক মোহাম্মদ জিয়াউদ্দীন ও সহকারী পরিচালক জাহিদ আনোয়ার বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জিয়া উদ্দীন প্রথম আলোকে জানান, সরকারি ব্যবস্থাপনায় আজ প্রথম ১৫ জন ইরাক থেকে দেশে ফেরত এলেন। ফেরত আসা প্রত্যেককে কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আপাতত দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে।
ইরাকের বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল রেজানুর রহমান খান মোবাইল ফোনে বলেন, ‘তিকরিতে জিম্মি হওয়া ৩১ জন বাংলাদেশির সঙ্গে শুরু থেকেই আমাদের যোগাযোগ ছিল। এঁদের মধ্যে ১৬ জন পালিয়ে গেছেন বলে শুনেছি। আসলে অনেকেই যুদ্ধাবস্থার মধ্যেও এখানে থেকে খরচের টাকা তুলতে চান। যে ১৫ জন ফিরেছেন, তাঁরা দূতাবাসের সহযোগিতায় ফিরেছেন। এ জন্য দূতাবাসের প্রায় ১০ হাজার ডলার খরচ হয়েছে।’