ইরাকপ্রবাসীদের নিয়ে সরকার উদাসীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম
মির্জা ফখরুল ইসলাম

ইরাকে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা বা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার উদাসীন রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দ্রুত ইরাকপ্রবাসীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ‘শিয়া ও সুন্নি মতাবলম্বীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে ইরাকে যে রক্তাক্ত সংঘাত চলছে এবং সে কারণে সে দেশে বসবাসরত বিদেশি নাগরিকসহ বাংলাদেশিদের নিরাপত্তাহীনতায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
মির্জা ফখরুল বলেন, ইরাকে বাংলাদেশিরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন, তাঁরা কে কোথায় অবস্থান করছেন, তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় দেশে ইরাকপ্রবাসী বাংলাদেশিদের পরিবার পরিজনেরা গভীর উদ্বেগ ও উত্কণ্ঠার মধ্যে রয়েছে।
মির্জা ফখরুল বলেন, ইরাকে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলো ত্বরিত ব্যবস্থা নিলেও বাংলাদেশ সরকার সে দেশে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা বিধান কিংবা নিরাপদে তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।