ইরাক-সিরিয়া যুদ্ধ উদ্বাস্তু বাড়িয়েছে : সুইডিশ মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক অভিবাসন নিয়ে এক বক্তৃতার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মরগান জোহানসন। ছবি: প্রথম আলো
রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক অভিবাসন নিয়ে এক বক্তৃতার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মরগান জোহানসন। ছবি: প্রথম আলো

ইরাক ও সিরিয়া যুদ্ধ অভিবাসী ও উদ্বাস্তুর সংখ্যা বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন ​সুইডেনের বিচার ও অভিবাসনবিষয়কমন্ত্রী মরগান জোহানসন। তিনি বলেছেন, অভিবাসন খুব স্বাভাবিক বিষয়। যত দিন যুদ্ধ ও সংঘাত থাকবে, ধনী–গরিবে বৈষম্য থাকবে, তত দিন এই অভিবাসন চলতেই থাকবে। কাজেই মানুষজন কেন যাচ্ছে বা আসছে, সেই তর্কের চেয়েও জরুরি অভিবাসন ব্যবস্থাপনা ঠিক করা।
ঢাকা সফররত সুইডিশ মন্ত্রী আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ​বৈশ্বিক অভিবাসন নিয়ে আয়োজিত এক বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ অভিবাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বছর ঢাকায় গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) বৈঠক হবে। বৈঠকের সভাপতি হিসেবে অভিবাসন ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সুইডিশ মন্ত্রী মরগান বলেন, ইরাক ও সিরিয়ায় যুদ্ধ, আফ্রিকার নানা সংকট অভিবাসী ও উদ্বাস্তুর সংখ্যা বাড়াচ্ছে। তবে কোনো একক দেশের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। সিরিয়ার উদ্বাস্তু সমস্যা শুধু সিরিয়া, জর্ডান কিংবা আশপাশের দেশগুলো সমাধান করতে পারবে না। অভিবাসন ও উদ্বাস্তু সমস্যা সমাধানে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে কাজ করতে হবে।
মরগান তাঁর বক্তব্যে প্রবাসী আয়, শ্রমিক অভিবাসন, অভিবাসীদের ক্ষমতায়ন ও নিয়োগপ্রক্রিয়া—এই চারটি বিষয়ে কথা বলেন। বাংলাদেশের প্রায় এক কোটি লোক বিদেশে কাজ করছেন উল্লেখ করে ​তিনি বলেন, প্রবাসী আয় অনেক দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে বিদেশ থেকে টাকা পাঠানোর খরচ কমাতে হবে। আর প্রবাসী আয় শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারের বিষয়গুলোর জন্য খরচ করা উচিত।
শ্রমিকদের অভিবাসনের বিষয়ে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে তাঁরা কাজ করতে যাচ্ছেন। তাঁরা যেন বৈধভাবে কাজ করতে গিয়ে নিরাপদে ফিরে আসতে পারেন। আর শ্রমিকদের বেতন যেন ওই দেশের শ্রমিকদের চেয়ে কম না হয়। অভিবাসীদের নিপীড়ন বন্ধে এবং অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের ক্ষমতায়ন খুব জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
অভিবাসীদের নিয়োগপ্রক্রিয়া যেন ঠিক থাকে, যাঁরা অভিবাসন করতে চান, তাঁদের জন্য বেশি খরচ না পড়ে, এ ক্ষেত্রে যেসব দুর্নীতি ও অনিয়ম আছে, সেগুলো যেন বন্ধ করা যায়, সেই বিষয়েও কথা বলেন তিনি। চলতি বছর ঢাকায় অনুষ্ঠিত অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, শ্রমিক প্রেরণ ও গ্রহণকারী উভয় দেশ মিলেই ব্যবস্থাপনা ঠিক করতে হবে। বাংলাদেশ দীর্ঘ​দিন ধরে রোহিঙ্গা উদ্বাস্তুর রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
নাগরিক সমাজের উদ্দেশে আয়োজিত এই বক্তৃতা অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, সুইডিশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসী সংস্থাসহ অভিবাসন বিষয়ে কাজ করা বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।