ইরাকি গোরস্থান মাঠে আবর্জনার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিমপুরের ইরাকি গোরস্থান এলাকায় আবর্জনা জমতে জমতে কয়েক ফুট উঁচু ঢিবি তৈরি হয়েছে। তীব্র কটু গন্ধে পাশের রাস্তা দিয়ে নাক চেপে চলতে হচ্ছে পথচারীদের। এলাকাবাসী বলছেন, আপত্তি জানানোর পরও সিটি করপোরেশন এখান থেকে তাদের ডাস্টবিন সরিয়ে নেয়নি।
ইরাকি গোরস্থান আজিমপুর নিউ পল্টন লাইন এলাকায়। গত শনিবার গিয়ে দেখা যায়, গোরস্থানের ডানদিকের ফাঁকা জায়গা পুরোটাই আবর্জনার দখলে। সীমানার ভেতর দক্ষিণ সিটি করপোরেশনের দুটি আবর্জনার কনটেইনার রাখা। কনটেইনারের পেছন দিকে মাটি থেকে প্রায় তিন ফুট উঁচু আবর্জনার ঢিবি। গোরস্থান-ঘেঁষা মাটি ও আবর্জনার স্তূপের উচ্চতা আরও বেশি। এলাকার তরুণদের একটি সংগঠন ময়লা ফেলায় নিষেধাজ্ঞা জানিয়ে গোরস্থানের পাশে দুটি সাইনবোর্ড ঝুলিয়েছে। সাইনবোর্ড দুটোর খুঁটির গোড়াতেও ময়লা ফেলা। পাশের রাস্তা দিয়ে চলাচলের সময় পথচারীরা নাক চেপে পার হচ্ছেন।
ইরাকি গোরস্থান এলাকাটি দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের অধীন। ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ। ১৫ থেকে ২০ হাজার মানুষের এই এলাকায় কনটেইনার রাখার আর কোনো ফাঁকা জায়গা নেই।