ইরাকে অগ্নিকাণ্ডে নিহত হারুনের বাড়ি টঙ্গিতে
ইরাকের সোলেমানিয়া শহরের একটি আবাসিক হোটেলে গত বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে নিহত এক বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম হারুন-অর-রশীদ। তাঁর বাড়ি গাজীপুর জেলার টঙ্গীতে। দেশটির উত্তরাঞ্চলীয় শহরের সোমা হোটেলে আগুন লাগলে ১৪ জন বিদেশিসহ ৩০ জন মারা যান।বাগদাদে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. কামালউদ্দিনের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের মহাপরিচালক সাঈদা মুনা তাসনীম গতকাল শনিবার প্রথম আলোকে হারুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের বয়সসহ বিস্তারিত কিছু জানা যায়নি।কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাগদাদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত সোলেমানিয়ায় বিদেশিদের চলাচলে নিরাপত্তাজনিত বিধিনিষেধ রয়েছে। সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানীর সঙ্গে ওই এলাকার টেলিযোগাযোগ ব্যবস্থাও উন্নত নয়। তাই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা বাগদাদে বাংলাদেশের দূতাবাসের জন্য বেশ দুরূহ ব্যাপার। ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত সোলেমানিয়ার স্থানীয় লোকজনের কাছ থেকে হারুনের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হয়েছেন।