ইরাকে অবৈধদের ধরতে অভিযান বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক
ইরাকি সরকার সে দেশে অবৈধভাবে যাওয়া বিদেশি ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। প্রতিদিনই কিছু অবৈধ বিদেশি ব্যক্তি ধরা পড়ছেন। এ নিয়ে আতঙ্কে আছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা। তবে ইরাকের বাংলাদেশ দূতাবাস বলছে, সমস্যা সমাধানে তারা কাজ করছে। প্রবাসী বাংলাদেশি ও ইরাকের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশটিতে এখন অন্তত ২০ হাজার অবৈধ বাংলাদেশি আছেন। তাঁদের অধিকাংশই ভ্রমণ ভিসায় গিয়ে অবৈধভাবে কাজ করছেন। সানোয়ার হোসেন, মিনহাজ মিয়া, আইয়ুব হোসেনসহ কয়েকজন ইরাকপ্রবাসী বাংলাদেশি ফোনে প্রথম আলোকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তখন অবৈধ ব্যক্তিদের গ্রেপ্তার করছে। প্রবাসী এই বাংলাদেশিরা বলেন, শ্রমিক প্রয়োজন বলে ইরাকি প্রতিষ্ঠানের মালিকেরা তাঁদের রাখতে চান। পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইরাকে বাংলাদেশ দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ও শ্রম কাউন্সিলর জিয়াদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অবৈধ বিদেশিদের বিরুদ্ধে সম্প্রতি অভিযান শুরু করেছে ইরাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাঁদের কাজের অনুমতিপত্র নেই তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। কয়েকজন বাংলাদেশিও গ্রেপ্তার হয়েছেন।’এ বিষয়ে দূতাবাস কী করছে জানতে চাইলে জিয়াদুর রহমান বলেন, ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁরা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। তিনি বলেন, ‘ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলেট বিভাগের প্রধান আরশাদ ও. ইসমাইলের সঙ্গে আমি কথা বলেছি। তাঁকে বলেছি, বাংলাদেশ ও ইরাকের কিছু অসাধু ব্যবসায়ী এ প্রক্রিয়ায় জড়িত। কিন্তু ইতিমধ্যে যাঁরা চলে এসেছেন, তাঁরা দক্ষতার সঙ্গে ইরাকে কাজ করছেন। কাজেই তাঁদের যেন বৈধ করা হয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও আমি কথা বলার চেষ্টা করছি।’ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে লোক যাওয়া বন্ধ থাকলেও নতুন করে দূতাবাস খোলার আগেই বহু লোক ভ্রমণ ভিসায় ইরাকে গিয়ে কাজকর্ম করছেন। জাল ভিসায়ও কেউ কেউ গেছেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এমন অনেককে গ্রেপ্তার করেছে। মাস দুয়েক আগে বাংলাদেশের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ভুয়া কোম্পানির নামে ইরাক থেকে দেড় হাজার চাহিদাপত্র আনে বলে অভিযোগ ওঠে। এতে ইরাকে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জড়িত ছিলেন এমন অভিযোগও উঠেছিল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওই ঘটনার তদন্ত করে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাইকমিশনার মুহম্মদ কামালউদ্দিনকে ২৫ অক্টোবরের মধ্যে ঢাকায় ফিরতে বলা হয়েছে। ১৯৯০ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের একসময়ের গুরুত্বপূর্ণ শ্রমবাজার ইরাকে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক অভিযানের পর সেখান থেকে বাংলাদেশ দূতাবাসই প্রত্যাহার করে নেওয়া হয়। তবে জনশক্তির ব্যাপক চাহিদা থাকায় ২০০৯ সালের অক্টোবরে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও শ্রম কাউন্সিলর নিয়োগ দেওয়া হয়। ওই বছরের শেষদিকে আনুষ্ঠানিকভাবে লোক পাঠানো শুরু হয়। ২০১০ সালের মাঝামাঝি পর্যন্ত হাজার দুয়েক কর্মী বৈধভাবে ইরাকে যান। এখন সেখানে লোক পাঠানো বন্ধ।