ইরাকে আটক ১৪ বাংলাদেশিকে ফেরত আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে আটক ১৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে তাঁদের স্বজনেরা। যেসব জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান অবৈধভাবে তাঁদের ইরাকে পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আটক ব্যক্তিদের পরিবার এ আহ্বান জানায়। বেসরকারি সংস্থা অনির্বাণ সারভাইভার ভয়েস ও শিসউক ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ইরাকে আটক থাকা বাংলাদেশিরা হলেন মীর কাশেম, আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, ইউসুফ, হুমায়ুন কবির, রুবেল মিয়া, আবদুল মালেক, সাইদুল ইসলাম, ইলিয়াস হোসেন, শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, শ্যামল দাশ, রবিউল আউয়াল ও আবদুর রহিম। 

চুক্তি অনুযায়ী বকেয়া বেতন ও উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা না করায় সংবাদ সম্মেলন থেকে মর্নিং সান এন্টারপ্রাইজ, মেঘনা ট্রেড ইন্টারন্যাশনাল, ইস্ট বেঙ্গল ওভারসিজ ও আইডিয়া ইন্টারন্যাশনালের সব কার্যক্রম বন্ধ ও লাইসেন্স বাতিল করার অনুরোধ জানানো হয়।

পরিবারগুলো অভিযোগ করে, ২০১৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে চারটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও একটি বেসরকারি সংস্থা বাংলাদেশ মাইগ্রেন্ট ফাউন্ডেশন (বিএমএফ) ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একেকজনের কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা নেয়। কিন্তু ইরাকের বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়াই তিন মাসের পর্যটক ভিসা দিয়ে ২৭ জনকে সেখানে পাঠানো হয়। এরপর ইরাকে গিয়ে তাঁরা আটক হন। তাঁদের মধ্যে ১১ জন কর্মী গত ৩০ নভেম্বর দেশে ফেরত এসেছেন। বাকি ১৪ জন এখন ইরাকে আটক আছেন।

সংবাদ সম্মেলনে শিসউকের পরিচালক মো. জিল্লুর রহমান, অনির্বাণ সারভাইভার ভয়েসের মো. আল আমিন, ইরাক থেকে ফেরত আসা জাকির হোসেন, মোহাম্মদ মাসুদ, শাহীন মিয়া, মামুন মিয়া এবং আটক ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন।