ইরাকে আটকে পড়াদের দেশে ফিরতে সহায়তা দেবে দূতাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। খবর ইউএনবির।
ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল রেজানুর রহমান খান বলেন, ‘আমরা যত দূর জানি, বাংলাদেশিরা নিরাপদে আছেন৷ কেউ যদি দেশে ফিরতে চান তবে তাঁকে দূতাবাসের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।’ এ বিষয়ে অন্য কারও দ্বারস্থ না হয়ে কেবল দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সংকট চলাকালে কোনো পক্ষ যাতে সুবিধা নেওয়ার চেষ্টা না করে, এ জন্যই এ সতর্কবার্তা।
রেজানুর রহমান জানান, আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় দূতাবাস ২৪ ঘণ্টার একটি হেলপ লাইন (০০৯৪৬-৭৮১৬৬০১৮০৫, ০০৯৬৪-৭৮১৪২৩৮৩৫১) চালু করেছে। তিনি বলেন, সাধারণত শ্রমিকদের পাসপোর্ট তাঁদের মালিকদের কাছে গচ্ছিত থাকে। পাসপোর্ট না থাকলেও কেউ ফিরতে চাইলে তাঁকে দেশে পাঠানো হবে।
আটকে পড়া বাংলাদেশিদের খুব জরুরি না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তবে এ বিষয়ে গতকাল শুক্রবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিবিসি বাংলাকে বলেন, ইরাক থেকে বাংলাদেশি শ্রমিকদের এখনো ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরি হয়নি৷