ইরাকের তিকরিত শহরে কর্মরত ১০ বাংলাদেশি নার্সকে জিম্মি করেছে সুন্নিপন্থী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) জঙ্গিরা। গতকাল শুক্রবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, বাংলাদেশি ওই নার্সদের সঙ্গে ভারতের ৪৬ জন নার্স জিম্মি অবস্থায় ছিলেন। গতকাল ভারত সরকারের তৎপরতায় ভারতীয় নার্সরা মুক্তি পেয়েছেন। তবে বাংলাদেশি নার্সদের ভাগ্যে কী ঘটেছে, এনডিটিভির খবরে তা উল্লেখ করা হয়নি।
বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, আইএসআইএলের জঙ্গিরা গত বৃহস্পতিবার হঠাৎ করে তিকরিতের একটি হাসপাতালে ঢুকে পড়ে। জঙ্গিরা ওই হাসপাতালে কর্মরত ৫৬ জন নার্সকে জিম্মি করে দুটি বাসে করে ৬০ কিলোমিটার দূরে মসুল শহরে নিয়ে যায়।
ওই নার্সদের মধ্যে ১০ জন বাংলাদেশি এবং অপর ৪৬ জন ভারতীয় নাগরিক।
এনডিটিভি ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ভারত সরকারের তৎপরতায় ভারতীয় নার্সরা মুক্তি পেয়েছেন। তাঁদের ভারতে ফিরিয়ে আনতে একটি উড়োজাহাজ ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানবন্দরে রয়েছে। গত রাত তিনটায় ওই উড়োজাহাজ ভারত অভিমুখে রওনা দেওয়ার কথা।