ইরাকে ফের কর্মী পাঠানো শুরু
বাংলাদেশ থেকে ইরাকে আবারও কর্মী পাঠানো শুরু হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইয়ের কারণে প্রায় আড়াই মাস ইরাকে কর্মী পাঠানো বন্ধ ছিল।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার থেকে ইরাকে আবার বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হয়েছে। ওই দিন ৩০ জন ইরাকের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার বিকেল পর্যন্ত গেছেন আরও ১০ জন।
তবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মোট ৭২ জনকে ইরাকে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন বলেন, ‘মঙ্গলবার থেকে আমরা বহির্গমন ছাড়পত্র দেওয়া শুরু করেছি। আমরা ইরাক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ধীরে ধীরে অনুমতি দেওয়ার সংখ্যা আমরা বাড়াব।’
ইরাকের তিকরিত, মসুলসহ বিভিন্ন অঞ্চলে আইএস জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইয়ের কারণে গত ১৪ জুন থেকে কর্মী পাঠানো বন্ধ করে দেয় বাংলাদেশ। দুই পক্ষের লড়াইয়ের কারণে ইতিমধ্যে কয়েক শ কর্মী দেশে ফিরতে বাধ্য হন। কিন্তু কয়েক মাসের মধ্যে গেছেন, এমন বেশির ভাগ কর্মীই খরচের টাকা তুলতে পারেননি বলে দেশে ফিরতে রাজি হননি।
একসময় বাংলাদেশের অন্যতম শ্রমবাজার ছিল ইরাক। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ এবং ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের কারণে ইরাকে কর্মী পাঠানো দীর্ঘদিন বন্ধ ছিল। ২০০৯ সালে ৪১২ জন কর্মী যাওয়ার মধ্যে দিয়ে ইরাকে আবার বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হয়। ২০১০ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ইরাকে বাংলাদেশের দূতাবাস চালু করা হয়। ওই বছর দুই হাজার ২৮৮ জন বাংলাদেশি ইরাকে যান। এরপর ২০১১ সালে ২৩৪ জন এবং ২০১২ সালে ৩৫৯ জন ইরাকে যান।
২০১৩ সাল থেকে কর্মী পাঠানোর সংখ্যা বাড়তে থাকে। ওই বছর সাত হাজার ৪৫৬ জন এবং ২০১৪ সালের প্রথম ছয় মাসে ছয় হাজার ৩৪ জন ইরাকে যান। যুদ্ধাবস্থার কারণে জুনের মাঝামাঝি লোক পাঠানো বন্ধ হয়ে যায়।
ইরাকে প্রবাসী বাংলাদেিশরা জানান, গত কয়েক বছরে বৈধভাবে প্রায় ১৫ হাজার কর্মী ইরাকে এলেও এ দেশে অন্তত ৫০ হাজার বাংলাদেশি আছেন। তাঁদের বেশির ভাগই অবৈধভাবে এসেছেন।
বাগদাদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মো. রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইরাকে যেকোনো সময় যেকোনো জায়গায় বিস্ফোরণ ঘটতে পারে। তাই বলে কাজকর্ম থেমে নেই। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। ফলে আবার বাংলাদেশি কর্মীরা আসতে শুরু করেছেন। যাঁরা আসছেন, তাঁদের জন্য একটাই পরামর্শ, সতর্কভাবে চলাফেরা করবেন।