ইরাকে বন্দী ১৪ কর্মীকে ফেরত আনার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে বন্দী ১৪ জন কর্মীকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁদের স্বজনেরা। কয়েকটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান তাঁদের অবৈধভাবে সে দেশে পাঠিয়েছিল অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হয়রানির শিকার বাংলাদেশিদের স্বজনেরা এই আবেদন জানান। বেসরকারি সংস্থা অনির্বাণ সারভাইভার ভয়েস ও শিসউক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
পরিবারগুলো অভিযোগ করে, ২০১৩ সালের ফেব্রুয়ারি ও মার্চে চারটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও একটি বেসরকারি সংস্থা বাংলাদেশ মাইগ্র্যান্ট ফাউন্ডেশন (বিএমএফ) ভালো চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি তিন থেকে চার লাখ টাকা করে নিয়ে ২৭ জনকে ইরাক পাঠায়। কিন্তু ইরাকের বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়াই মাত্র তিন মাসের পর্যটক ভিসা দিয়ে তাঁদের সে দেশে পাঠানো হয়। এরপর ইরাকে গিয়ে তাঁরা বন্দী হন। তাঁদের মধ্যে ১১ জন গত ৩০ নভেম্বর দেশে ফিরে এলেও ১১ জন বন্দী আছেন। দুজন আটক অবস্থা থেকে পালিয়ে গেছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কর্মীরা ইরাক পৌঁছানোর পরই সে দেশের প্রতিষ্ঠান এম কোদিয়া কো. জেনারেল ট্রেডিং কোম্পানির প্রতিনিধি তাঁদের পাসপোর্টসহ কাগজপত্র নিয়ে প্রতিষ্ঠানের ক্যাম্পে আটকে রাখেন। নয় মাস ধরে তাঁদের কোনো কাজ বা বেতন দেওয়া হয়নি। এমনকি ঠিকমতো খাবারও দেওয়া হচ্ছে না। কাজ ও খাবার চাইলে তাঁদের মারধর করা হয়।