ইরাকে বাংলাদেশি শ্রমিক অপহৃত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের কিরকুক শহরের অদূরে একটি স্থান থেকে বাংলাদেশসহ অন্তত পাঁচটি দেশের ৬০ জন নির্মাণশ্রমিককে জঙ্গিরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে৷ তবে ইরাকের বাংলাদেশ দূতাবাস বা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কিছু জানাতে পারেনি৷
তুরস্কের বার্তা সংস্থা দোগানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার জানায়, তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও তুর্কমেনিস্তানের শ্রমিকেরা ইরাকের সালাহউদ্দিন প্রদেশের তেলসমৃদ্ধ কিরকুক শহরের অদূরে দোর শহরের কাছে একটি হাসপাতাল ভবন নির্মাণ করছিলেন৷ সেখান থেকে জঙ্গিরা তাঁদের অপহরণ করে৷ তবে ঠিক কখন তাঁদের অপহরণ করা হয়, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি৷ তুরস্কের একটি প্রকল্পের আওতায় ১০০ শয্যার ওই হাসপাতাল নির্মাণের কাজ চলছে৷
অপহৃতদের মধ্যে কতজন বাংলাদেশি শ্রমিক—রয়টার্সের খবরে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি৷ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাগদাদে তুরস্কের দূতাবাসের পক্ষ থেকে শ্রমিক অপহরণের খবরের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে৷
ইরাকে সুন্নিপন্থী জঙ্গিরা সম্প্রতি মসুলসহ কয়েকটি শহর দখল করে নিয়েছে৷ এখন তারা রাজধানী বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে৷ জঙ্গিরা গতকাল সালাহউদ্দিন প্রদেশের বাইজি নামক স্থানে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা চালায়৷