ইরাকে বাংলাদেশি শ্রমিক অপহৃত?
ইরাকের কিরকুক শহরের অদূরে একটি স্থান থেকে বাংলাদেশসহ অন্তত পাঁচটি দেশের ৬০ জন নির্মাণশ্রমিককে অপহরণ করেছে জঙ্গিরা৷ অন্য দেশগুলো হলো তুরস্ক, পাকিস্তান, নেপাল ও তুর্কমেনিস্তান৷ গতকাল বুধবার ইস্তাম্বুলভিত্তিক বার্তা সংস্থা দোগানের এক খবরে এ তথ্য জানানো হয়৷ ইরাকে তুরস্কের দূতাবাস বিষয়টি খতিয়ে দেখছে৷ খবর রয়টার্সের৷
কতজন বাংলাদেশি শ্রমিক অপহৃত হয়েছেন—রয়টার্সের খবরে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি৷ তবে পালিয়ে আসতে সক্ষম একজন শ্রমিকের বরাত দিয়ে খবরে বলা হয়, অপহৃত শ্রমিকদের মধ্যে ১৫ জন তুরস্কের৷ শ্রমিকেরা সালাহউদ্দিন প্রদেশের তেলসমৃদ্ধ কিরকুক শহরের অদূরে দোর শহরের কাছে একটি হাসপাতাল ভবন নির্মাণ করছিলেন৷ তবে ঠিক কখন তাঁদের অপহরণ করা হয়, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি৷ তুরস্কের একটি প্রকল্পের আওতায় ১০০ শয্যার ওই হাসপাতাল নির্মাণের কাজ চলছে৷
ইরাকের রাজধানী বাগদাদে তুরস্কের দূতাবাসের পক্ষ থেকে শ্রমিক অপহরণের এ খবরের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে৷ গতকাল তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে৷ গত সপ্তাহে মসুল শহর থেকে জঙ্গিরা অন্তত ৩১ জন তুর্কি নাগরিককে অপহরণ করে৷
এদিকে এর আগে একই শহর থেকে অন্তত ৪০ জন ভারতীয় শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ তবে ওই শ্রমিকদের সঙ্গে নয়াদিল্লির পক্ষ থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি৷
ইরাকে সুন্নিপন্থী জঙ্গিরা সম্প্রতি মসুলসহ কয়েকটি শহর দখল করে নিয়েছে৷ এখন তারা রাজধানী বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে৷ জঙ্গিরা গতকাল ভোরে বাগদাদ থেকে প্রায় ২১০ কিলোমিটার উত্তরে সালাহউদ্দিন প্রদেশের বাইজি নামক স্থানে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা চালায়৷