ইরাকে মানব পাচার বন্ধের দাবি
কর্মসংস্থানের নামে ইরাকে মানব পাচার বন্ধের দাবি জানিয়েছেন প্রতারিত হয়ে ইরাক থেকে ফেরত কয়েকজন শ্রমিক। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে ইরাক-ফেরত শ্রমিকেরা এই দাবি জানান।
বেসরকারি সংগঠন অনির্বাণ সারভাইভার ভয়েস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইরাক-ফেরত কর্মী মোজাম্মেল হক। এ সময় ফেরত ১৫ জন কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইরাকে লোক পাঠানোর সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল, জড়িত ব্যক্তিদের বিচার, প্রতারিত ব্যক্তিদের ক্ষতিপূরণ, পুনর্বাসনসহ বিভিন্ন দাবি জানানো হয়।
প্রতারিত শ্রমিকেরা জানান, ২০১৩ সালের শুরুতে চারটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান মেঘনা ট্রেড ইন্টারন্যাশনাল, মর্নিং সান এন্টারপ্রাইজ, ইস্ট বেঙ্গল ওভারসিজ ও আইডিয়া ইন্টারন্যাশনাল এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ মাইগ্রেন্ট ফাউন্ডেশন (বিএমএফ) ২৭ জন বাংলাদেশিকে ইরাকে পাঠায়। তারা ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একেক জনের কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা নেয়। কিন্তু ইরাকে গিয়ে তাঁরা কোনো কাজ পায়নি। উল্টো নানাভাবে নির্যাতনের শিকার হন। পরে তাঁরা দেশে ফিরে আসতে বাধ্য হন। এরপর মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২-এর অধীনে মামলা করেন। কিন্তু এখনো তাঁরা ক্ষতিপূরণ পাননি।