ইরাকে মানবেতর জীবন ১৮০ বাংলাদেশির
ইরাকের নাজাফ শহরে অবস্থানরত ১৮০ জন বাংলাদেশিকে চুক্তি অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কক্ষে তাঁদের থাকতে বাধ্য করা হচ্ছে। ঠিকমতো বেতন-ভাতা ও খাবার দেওয়া হচ্ছে না।
মানবাধিকার সংস্থা রাইটস যশোরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে গতকাল শুক্রবার দুপুরে এই অভিযোগ করা হয়েছে। যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংস্থার নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ১৮০ জনের মধ্যে প্রকৌশলী সিদ্দিক হোসেনের ভাই জাভেদ আহমেদও উপস্থিত ছিলেন।
বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, বিপদগ্রস্ত এসব বাংলাদেশি তাঁদের কাছে ই-মেইল করে উদ্ধারের আবেদন করেছেন। বিপদে পড়া ১৮০ জনের বাড়ি যশোরসহ দেশের বিভিন্ন জেলায়। তিনি বলেন, ঢাকার ক্যারিয়ার ওভারসিজ কনসালট্যান্ট লিমিটেডের মাধ্যমে ইরাকের নাজাফ শহরে আবু তোরাব হাউজিং কোম্পানিতে চাকরি নিয়ে ১৮০ জন গত ২২ মে দেশ ছাড়েন। দেশ ছাড়ার পর থেকেই তাঁদের দুর্দশা শুরু হয়। যেসব শর্তে তাঁদের চাকরি দেওয়া হয়েছিল, তার কোনোটিই পালন করছে না কর্তৃপক্ষ। তিন মাস পার হয়ে গেলেও তাঁরা এক মাসেরও বেতন পাননি। তিন বেলা ঠিকমতো খাবার ও পানি দেওয়া হচ্ছে না। এ ছাড়া ১৮০ জনকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বড় একটি ঘরে রাখা হয়েছে। তাঁদের দিয়ে জোর করে নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করানো হচ্ছে। ক্যাম্পে সশস্ত্র লোকজন তাঁদের পাহারা দিয়ে রাখেন। কেউ বের হলে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ঢাকার ক্যারিয়ার ওভারসিজ কনসালট্যান্ট লিমিটেডের স্বত্বাধিকারী এ বি এম বদরুল আমিনের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।
বিনয় কৃষ্ণ বলেন, বৈধভাবে ১৮০ জন শ্রমিক ইরাকে গেলেও মানবপাচার প্রতিরোধ ও দমন আইন অনুযায়ী এটি সুস্পষ্টভাবে মানবপাচার। অবিলম্বে ১৮০ বাংলাদেশিকে উদ্ধার করতে না পারলে অনেকেই সেখানে জীবন হারাতে পারেন।