ইরাকে ১৪ বাংলাদেশির অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে ইরাকে বন্দী ১৪ বাংলাদেশি অনশন শুরু করেছেন। তাঁরা বাংলাদেশ সরকারকে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আকুতি জানিয়েছেন।
এই বাংলাদেশিরা হলেন মীর কাশেম, আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, ইউসুফ, হুমায়ুন কবির, রুবেল মিয়া, আবদুল মালেক, সাইদুল ইসলাম, ইলিয়াস হোসেন, শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, শ্যামল দাশ, রবিউল আউয়াল ও আবদুর রহিম।

ইরাক থেকে আজ রোববার দুপুরে মুঠোফোনে শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রায় এক বছর ধরে আমরা ক্যাম্পে আটকা আছি। সরকার বলেছিল আমাদের দ্রুত দেশে ফিরিয়ে নেবে। কিন্তু এখনো ফেরত আনছে না। তাই আমরা শনিবার থেকে অনশন শুরু করেছি। ইতিমধ্যেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।’

আটক ব্যক্তি ও তাঁদের স্বজনেরা জানিয়েছেন, ২০১৩ সালের শুরুতে চারটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান মেঘনা ট্রেড ইন্টারন্যাশনাল, মর্নিং সান এন্টারপ্রাইজ, ইস্ট বেঙ্গল ওভারসিজ ও আইডিয়া ইন্টারন্যাশনাল এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ মাইগ্রেন্ট ফাউন্ডেশন (বিএমএফ) মোট ২৭ জন বাংলাদেশিকে ইরাকে পাঠায়। তারা ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একেকজনের কাছ থেকে তিন-চার লাখ টাকা নেয়। কিন্তু ইরাকের বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়াই পর্যটক ভিসায় তাঁদের ইরাকে পাঠানো হয়। এরপর ইরাকে গিয়ে তাঁরা আটক হন। এর মধ্যে দুজন পালিয়ে যান। ১১ জন গত ৩০ নভেম্বর দেশে ফেরত আসেন। বাকি ১৪ জনকে এক সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনার কথা বলা হলেও তাঁদের ফিরিয়ে আনা হয়নি।

ইরাক থেকে ফেরত আসা কর্মীদের একজন শাওন আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা আটক ওই ১১ জনকে ফিরিয়ে আনার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি। সংবাদ সম্মেলনও করেছি। মন্ত্রী দ্রুত তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। বলেছিলেন, কোম্পানিগুলো তাঁদের ফিরিয়ে না আনলে সরকারই তাঁদের ফিরিয়ে আনবে। কিন্তু এখনো তাঁদের ফিরিয়ে আনা হয়নি।’

এ ব্যাপারে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেছেন, ‘ওই ১৪ জনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে এটি সময়সাপেক্ষ ব্যাপার।’
এর আগে গত ১৪ ডিসেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করে দেশে ফেরত আসা ১১ জন অভিযুক্ত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ছাড়া চুক্তি অনুযায়ী বকেয়া বেতন ও উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা না করায় সংবাদ সম্মেলনে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ ও লাইসেন্স বাতিল করার অনুরোধ জানানো হয়।