ইরাকের শ্রমবাজার বন্ধ হয়ে যেতে পারে: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে লোক পাঠিয়ে কোনো শ্রমবাজার নষ্ট না করার জন্য জনশক্তি রপ্তানিকারক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন-বায়রা আয়োজিত ইফতার অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইরাকে শ্রমিক হিসেবে জিয়ারত ভিসায় প্রচুর লোক পাঠানো হচ্ছে বলে সরকারের কাছে তথ্য আছে। এই প্রতারণার কারণেই ইরাকের শ্রমবাজারটি বন্ধ হয়ে যেতে পারে। বায়রার কেউ না কেউ এর সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে বায়রা ব্যবস্থা না নিলে সরকার ব্যবস্থা নেবে। কারণ, চালু হওয়ার আগেই কোনো বাজার বন্ধ করা যাবে না। মন্ত্রী বলেন, বাজার নিয়ে দুশ্চিন্তা করবেন না। ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার এখনো সীমিত। সেখানে কাজের জন্য অনেক লোক দরকার। এ ছাড়া মন্দা কেটে গেলে আরও অনেক বাজার চালু হয়ে যাবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, পোশাক খাত থেকে বছরে এক হাজার ২০০ কোটি ডলার আসে। এর অর্ধেকই আবার সুতার জন্য বিদেশে চলে যায়। কিন্তু প্রবাসীরা বছরে এক হাজার কোটি ডলারের বেশি পাঠাচ্ছেন, যার পুরোটাই দেশে থেকে যায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী। বায়রার সদস্য ও সাবেক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।