ইরাদ আহমেদের বিরুদ্ধে আরও তিনটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে গতকাল রোববার আরও তিনটি মামলা হয়েছে। পিরোজপুর, রংপুর ও যশোরে মামলা তিনটি করা হয়েছে। এই নিয়ে তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়াল ১০।
ঝালকাঠিতে গতকাল দুপুরে আদালতের সরকারি কৌঁসুলি (এজিপি) বনি আমিন বাকলাই বাদী হয়ে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইনে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন। শুনানি শেষে বিচারক রমনি রঞ্জন চাকমা অভিযোগ আমলে নিয়ে তা এজাহার হিসেবে নেওয়ার আদেশ দিয়ে ঝালকাঠি সদর থানায় পাঠান।
রংপুরে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে রংপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। বিচারক মোশতাক আহমেদ তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ইরাদ আহমেদের বিরুদ্ধে নালিশি মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম। তাঁর আইনজীবী সাজ্জাদ মুস্তাফা বলেন, আদালত এজাহার হিসেবে মামলাটি গ্রহণ করতে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
ইরাদ আহমেদ তাঁর ফেসবুকে গত রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন। এর আগে ১৫ সেপ্টেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি।