ইরানির স্বপ্ন বাঁচিয়ে দিল সহপাঠীরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানি খানম (১৬) মানবিক শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়ে নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজে। তার স্বপ্ন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। আত্মনির্ভরশীল হওয়া।
এই স্বপ্নপূরণে বাদ সাধে তার পরিবার। সিদ্ধান্ত হয় তাকে বিয়ে দেওয়ার। যশোর অঞ্চলের এক ইজিবাইকচালক পাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। গত বুধবার বিয়ের দিনক্ষণ, বরযাত্রীর লোকসংখ্যা ও দেনমোহর পাকাপোক্ত করার কথা ছিল। পরিবারের এই সিদ্ধান্তে ভেঙে পড়ে ইরানি। বিষয়টি জানাজানি হয়। এগিয়ে আসে তার সহপাঠীরা। কলেজ থেকে দুই কিলোমিটার দূরে আমাদা গ্রামে ইরানিদের বাড়ি।
মঙ্গলবার বেলা দুইটা। ক্লাস শেষে পাঁচ সহপাঠী শ্রাবণী, বন্যা, জাহিমা, নসুফা ও লিজা উপস্থিত হয় তাদের বাড়িতে। শ্রাবণী বলে, ‘প্রায় দুই ঘণ্টা ধরে ইরানির বাবা মিরাজ শেখসহ পরিবারের ছয়-সাতজন সদস্যকে একে একে বোঝাতে হয়েছে। প্রথমে আমাদের পাত্তা দেননি পরিবারের সদস্যরা। নাছোড়বান্দা হয়ে বাল্যবিবাহের কুফল ও ইরানির স্বপ্ন নিয়ে বোঝাতে থাকি। একপর্যায়ে পরিবারের সব সদস্য মিলে তাকে বিয়ে না দিতে সম্মত হন। ইরানির স্বপ্নপূরণে পড়াশোনা চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন পরিবারের লোকজন। তখনই পরিবারের পক্ষ থেকে পাত্রপক্ষকে এখনই বিয়ে না দেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়।’
বাবা মিরাজ শেখ কৃষিকাজ করে সংসার চালান। তিনি বলেন, ‘আমরা ভুল করছিলাম। এই বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক ছিল না। তার অমতেই হচ্ছিল বিয়ে। তার ইচ্ছা উচ্চশিক্ষা নেওয়া। এ ইচ্ছা পূরণে এখন আমরা আরও সচেষ্ট হব।’
কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান গতকাল বৃহস্পতিবার বলেন, ইরানির বিয়ের বিষয়টি কলেজে জানাজানি হওয়ার পর তার চেহারা মলিন দেখাচ্ছিল। চোখে ছিল পানি। কথাই বলতে পারছিল না। সহপাঠীরা গিয়ে তার পরিবারকে বোঝানোর পর এখন সে উচ্ছল। তাঁর অদম্য ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে।
ইরানির কথা, ‘সহপাঠীরা আমার জন্য যা করেছে, নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে তাদের সম্মান রক্ষার চেষ্টা করব।’