ইরানে কিছু বাংলাদেশি জিম্মি, স্বজনদের কাছে টাকা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে অবৈধভাবে বসবাসরত কিছু বাংলাদেশিকে জিম্মি করে স্বজনদের কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে। হবিগঞ্জে শারত আলী নামের একজনকে আটকের পর পুলিশ সম্প্রতি এই চক্রের সন্ধান পেয়েছে।পুলিশ জানায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের শারত আলীর বড় ভাই শাহবাজ আলী অনেক দিন ধরে ইরানে আছেন। গত ১৭ মার্চ ইরানে থাকা কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের ইউনুছ মিয়া ও তাঁর ভগ্নিপতি আবদুস সাত্তারকে জিম্মি করেন শাহবাজ। এরপর ২৪ মার্চ ইউনুছ মিয়ার চাচাতো ভাই বাংলাদেশে অবস্থানরত মোস্তাফিজুরকে ফোন করে শাহবাজ জানান, ইউনুছ ও আবদুস সাত্তারকে ছাড়িয়ে নিতে হলে হবিগঞ্জের শারত আলীর কাছে কুরিয়ারে দুই লাখ টাকা দিতে হবে। তাহলেই তিনি জিম্মিদের ছেড়ে দেবেন।জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, এ ঘটনার পর পুলিশের সাহায্য নিয়ে ইরানে অবস্থানরত শাহবাজকে জানানো হয়, শারত আলী যেন হবিগঞ্জ সুন্দরবন কুরিয়ার থেকে তাঁদের টাকা বুঝে নেন। এরপর গত ২৮ মার্চ পুলিশ সাদা পোশাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের হবিগঞ্জ কার্যালয়ে অবস্থান নেয়। মুক্তিপণের টাকা নেওয়ার জন্য শারত আলী সেখানে এলে পুলিশ তাঁকে আটক করে।আটক শারত আলী পুলিশকে জানান, তাঁর ভাই শাহবাজ আলী ইরানে থাকেন। তিনি ইরান থেকে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে লোক পাঠানোর ব্যবসা করেন। ইউনুছ মিয়া ও আবদুস সাত্তার অন্য দেশে পালানোর সময় ইরানি পুলিশের হাতে ধরা পড়েন। তখন তাঁর ভাই শাহবাজ তাঁদের ছাড়িয়ে আনেন। এর জন্য খরচ বাবদ দুই লাখ টাকা নিতে এসেছেন।হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, পুলিশ নিশ্চিত হয়েছে, শাহবাজের কাছে এ ধরনের আরও ২৪-২৫ জন বাংলাদেশি জিম্মি আছেন।তেহরানে বসবাসরত হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামের মতিন মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইরানে ‘মামু’ ও ‘কুত্তা’ নামে পরিচিত দুটি সন্ত্রাসী চক্র রয়েছে। এ চক্রের অধিকাংশই বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক। ইরানি পুলিশ বাংলাদেশিদের ধরলে পাকিস্তানে পাঠিয়ে দেয়। এ সময় এ চক্রের সদস্যরা এসব লোককে আটক করে নানা নির্যাতন চালায় এবং ফোনে বাড়ির লোকজনকে জানিয়ে দেয় তাঁদের লোকের কাছে টাকা দিয়ে আটক ব্যক্তিকে যেন তাঁরা ছাড়িয়ে নেন। একই মন্তব্য করেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের ইস্তাক মিয়া।হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে ইরানে লোকজনকে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এই চক্রের বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।