ইরানে পাচার হওয়া বাংলাদেশি যুবক জুয়েল মোল্লা হত্যা মামলায় ওই দেশে পাচারের পর ফেরত আসা ২৯ যুবকের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সংঘবদ্ধ অপরাধ শাখার কর্মকর্তারা বলেছেন, দুবাইপ্রবাসী এই যুবকদের গ্রিসে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ইরানে পাচার করা হয়েছিল। ইরান, তুরস্ক ও গ্রিসে মানব পাচারের সঙ্গে জড়িত ২৪ জনের একটি চক্রকে তাঁরা শনাক্ত করেছেন।
পুলিশ জানায়, ইরানে পাচার হওয়া ২৯ যুবক গত রোববার সকালে ঢাকায় ফেরেন। তাঁরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ছয়জনকে জুয়েল মোল্লা হত্যার ঘটনায় গ্রেপ্তার করে পুলিশ। বাকি ২৩ জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। জুয়েল হত্যার ঘটনায় তাঁর বাবা শাহজাহান মোল্লা ওই ছয়জনকে আসামি করে রোববার বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন। জুয়েল মোল্লাও তাঁদের মতো বিদেশে ভালো চাকরির আশায় টাকা দিয়ে পাচারকারীদের কবলে পড়েছিলেন। ১৪ ডিসেম্বর ইরানের বন্দর আব্বাসে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়।
জুয়েল মোল্লা হত্যা মামলায় যে ছয়জনকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার জরিফ উল্লাহ, ফেনীর দাগনভূঞার ইয়াসিন, কক্সবাজারের টেকনাফের নুর মোহাম্মদ ও ছলিম উল্লাহ, মাদারীপুরের মানিক মিয়া ও লালন শিকদার।
সিআইডির অতিরিক্ত ডিআইজি (সংঘবদ্ধ অপরাধ) মো. শাহ আলম গতকাল প্রথম আলোকে বলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের ওয়াসিম তাঁর ভাই রফিক (৩০) ইরানে শারীরিকভাবে নির্যাতিত হচ্ছেন বলে গত ১৬ নভেম্বর মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে জানান। বিনয় কৃষ্ণ এ ব্যাপারে তেহরানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিআইডিকেও জানান। এরপর সেখানে আটক থাকা এই ২৯ যুবককে দেশে ফিরিয়ে আনা হয়। তেহরান কারাগারে আরও ৪১ বাংলাদেশি যুবক আটক আছেন।
বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, এই ২৯ জনের মধ্যে ২৪ জনের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। এর মধ্যে ২২টি পরিবারের কাছ থেকে পাচারকারীরা মোট ৭৯ লাখ দুই হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ইরানভিত্তিক একটি সংঘবদ্ধ চক্র এই পাচারের সঙ্গে জড়িত।
সিআইডির সংঘবদ্ধ অপরাধ শাখার কর্মকর্তারা জানান, ইরান, তুরস্ক ও গ্রিসে মানব পাচারের সঙ্গে জড়িত চক্রটির শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে ১১ জন প্রবাসী, বাকি ১৩ জন দেশে বসবাস করেন। চক্রের একজন সদস্য পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেন। তাঁদের কালো তালিকাভুক্ত করে সব বন্দরে অভিযোগ পাঠানো হয়েছে। ইতিমধ্যে তাঁদের তিনজন তেহরানে ও তিনজন গ্রিসের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
ফিরে আসা যুবকেরা এবং সিআইডির সূত্র জানায়, এই যুবকদের সাত-আট মাস আগে দুবাই থেকে বিভিন্নভাবে ইরানের বন্দর আব্বাসে নিয়ে গিয়েছিল পাচারকারীরা। সেখানে তাঁদের ৩০ জনকে বন্দী করে রাখা হয়েছিল। জুয়েল হত্যার পর ২৯ জন পুলিশের কাছে ধরা দিয়ে বন্দী ছিলেন।
ফিরে আসা ২৯ জনের একজন ঢাকার যাত্রাবাড়ীর বাসিন্দা পারভেজ রানা। তিনি প্রথম আলোকে বলেন, তিনি দুবাইয়ে চাকরি করতেন। গ্রিসে ৮০০ মার্কিন ডলার বেতনের চাকরির কথা বলে বাংলাদেশি দালাল কাসেম ও জামাল সমুদ্রপথে তাঁদের কয়েকজনকে দুবাই থেকে প্রথমে ওমানে নিয়ে যান। সেখান থেকে স্পিডবোটে করে ৪১ জনকে ইরানের বন্দর আব্বাসে নিয়ে আটকে রাখেন। এরপর মারধর করে তাঁদের পরিবারের লোকজনের ফোন নম্বর নিয়ে জনপ্রতি তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেন। অপহরণকারীরা মারধর আর কান্নার শব্দ স্বজনদের শোনাত।
পারভেজ জানান, টাকা পেয়ে ১১ জনকে তারা তেহরান পৌঁছে দেয়। তিনিসহ অপর ৩০ জনকে আটক করে রাখে। এক রাতে তাঁরা চার পাহারাদারকে মারধর করে ঘর থেকে বেরিয়ে আসেন। মুক্ত হওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জুয়েল মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তাঁরা ২৯ জন পুলিশের কাছে ধরা দেন। পুলিশ তাঁদের বন্দর আব্বাস থানায় নিয়ে আটকে রাখে। সেখান থেকে স্বজনদের ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা থানায় গিয়ে তাঁদের উদ্ধার করে দেশে পাঠিয়েছেন।
ফিরে আসা রুহুল আমিনের বড় বোন জাহানারা খাতুন জানান, তাঁর ভাই বন্দী থাকার ঘটনা শুনে তাঁদের বাবা অসুস্থ হয়ে পড়েন। ২২ দিন আগে তিনি মারা যান। এর মধ্যে এক লাখ টাকা সুদে নিয়ে ও ধারদেনা করে দালালদের কাছে কয়েক কিস্তিতে লাখ পাঁচেক টাকা পাঠিয়েছেন।
মামলা: সিআইডি পুলিশ জানায়, ২৯ যুবক ফিরে আসার পর জুয়েলের বাবা শাহজাহান মোল্লা বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন। মামলায় নুর মোহাম্মদ, ছলিম উল্লাহ, লালন শিকদার, মানিক মিয়া, ইয়াসিন মিয়া ও জরিফ উল্লাহকে আসামি করা হয়।
বিমানবন্দর থানার পুলিশ জানায়, জুয়েলের লাশ তেহরানে আছে। লাশ দেশে আনার চেষ্টা চলছে। জুয়েল সাড়ে তিন বছর আগে দুবাই গিয়েছিলেন। পাচারকারীরা তাঁকে গ্রিসে নেওয়ার প্রলোভন দেখিয়ে ইরানের বন্দর আব্বাসে নিয়ে যায়। তাঁর পরিবারের কাছেও মুক্তিপণ দাবি করা হয়েছিল।
আদালত প্রতিবেদক জানান, জুয়েল মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ছয়জনকে গতকাল মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম তাঁদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করেন ও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।