ইরানে বাংলাদেশি অপহরণ, দেশে মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেপ্তার ৩
ইরানে এক বাংলাদেশি শ্রমিককে আটকে রেখে দেশে বসে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)।
সিআইডি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফরিদ আহমেদ, শাহজাহান ও বিলকিস আক্তার।
সিআইডির পুলিশ সুপার (সংঘবদ্ধ অপরাধ) আশরাফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, কুমিল্লার মুরাদনগরের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি দুবাইতে শ্রমিক হিসেবে কাজ করতেন। মানিক নামের একজন তাঁকে আরও বেশি অর্থের চাকরির প্রলোভন দেখিয়ে তুরস্কে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। এতে রফিকুল রাজি হন। পরে মানিক রফিকুলকে তুরস্কে না নিয়ে ইরানের অজ্ঞাত স্থানে আটকে রাখেন এবং রফিকুলের পরিবারকে ফোন করে প্রায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এই মুক্তিপণের টাকা মানিকের স্ত্রী বিলকিসসহ কয়েকজনের কাছে চাঁদপুরে বিকাশের মাধ্যমে পাঠাতে রফিকুলের পরিবারকে নির্দেশ দেন মানিক। এ নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে দেড় লাখ টাকা পাঠায় রফিকুলের পরিবার। পরে তারা কুমিল্লার মুরাদনগর থানায় এ বিষয়ে একটি মামলা করেন ও সিআইডিকে অবহিত করেন। এ ঘটনার তদন্ত চালিয়ে ওই তিনজনকে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয়।
সিআইডি কর্মকর্তা আশরাফুল বলেন, এখনো পর্যন্ত রফিকুলকে উদ্ধার করা যায়নি। তাঁকে উদ্ধারের জন্য ইরানের পুলিশ, ইরানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস, ইরান দূতাবাস ও ইন্টারপোল একসঙ্গে কাজ করছে।