ইরানে এক বাংলাদেশি শ্রমিককে আটকে রেখে দেশে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার রাতে চাঁদপুর থেকে ফরিদ আহম্মেদ, মো. শাহজাহান ও বিলকিস আক্তার নামের এ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির পুলিশ সুপার আশরাফুল ইসলাম গতকাল রোববার জানান, কুমিল্লার মুরাদনগরের রফিকুল ইসলাম সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে রবিউল আলম ওরফে মানিক নামের অপর এক বাংলাদেশি তাঁকে আরও বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তুরস্কে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। এতে রফিকুল রাজি হন। পরে মানিক তাঁকে তুরস্কে না নিয়ে ইরানে নিয়ে আটকে রাখেন এবং তাঁর পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে প্রায় পাঁচ লাখ টাকা দাবি করেন। তিনি মুক্তিপণের টাকা তাঁর স্ত্রী বিলকিসসহ কয়েকজনের কাছে চাঁদপুরে পাঠাতে বলেন। সে অনুযায়ী রফিকুলের পরিবারের সদস্যরা চাঁদপুরে প্রাথমিকভাবে দেড় লাখ টাকা পাঠান। পরে তাঁরা এ ব্যাপারে মুরাদনগর থানায় একটি মামলা করেন এবং বিষয়টি সিআইডিকে অবহিত করেন। সিআইডি তদন্ত করে শনিবার গভীর রাতে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে।