ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার ঢাকায় আসতে পারেন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ১৬ সেপ্টেম্বর বুধবার এক দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ আসতে পারেন। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস বেইজি গতকাল বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা ১৬ সেপ্টেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ধরনের একটি প্রস্তাব এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে এবং আমরা এর উত্তরের অপেক্ষায় আছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাত নিয়ে আলোচনা করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে আরেকটি সূত্র।
বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনার জন্য ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
রাষ্ট্রদূত আব্বাস বেইজি বলেন, যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে একটি বিশেষ ফ্লাইটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসবেন।