আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কর্মশালা ও ধানমেলার আয়োজন করা হয়েছে। এই কর্মশালা ও মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এই কর্মশালা ও মেলা যৌথভাবে আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয় ও ইরি। কর্মশালা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক প্রমুখ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক বলেন, ধানমেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জাতের ধান প্রদর্শন করা হবে। দেশের বিজ্ঞানীরা ইরি থেকে প্রশিক্ষণ নিয়ে উচ্চফলনশীল নতুন বেশ কিছু ধানের জাত উদ্ভাবন করেছেন। এরই ধারাবাহিকতায় শিগগির দুটি লবণাক্তসহিষ্ণু এবং একটি খরা এলাকায় চাষাবাদের উপযোগী ধানের জাত আসছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি কীটনাশক ব্যবহার না করে এবং কম রাসায়নিক সার ব্যবহার করে ধান চাষ চালু করেছেন তাঁরা।সংবাদ সম্মেলনে ইরির মহাপরিচালক রবার্ট জিইগলার বলেন, বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন। খাদ্য নিরাপত্তার জন্য বাংলাদেশ এ পর্যন্ত যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো খুবই কার্যকর হয়েছে। আগামী ৫০ বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উচ্চফলনশীল ধানের কারণে দেশে ঐতিহ্যবাহী ধানের জাত হারিয়ে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে আনোয়ার ফারুক বলেন, দেশে প্রতি বছর দুই শতাংশ কৃষিজমি কমে যাচ্ছে। এ অবস্থায় মানুষের চাহিদার সঙ্গে তাল মেলাতে হলে উন্নত প্রযুক্তির সুবিধা নিতেই হবে।সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, এ পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধানের ৫১টি আধুনিক জাত এবং চারটি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছে। আজকের কর্মশালায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাফল্যে ইরির সহযোগিতা ও অবদান তুলে ধরা হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর, ইরির বাংলাদেশের প্রতিনিধি জয়নাল আবেদীন।