ইরি-বোরো খেতে নেক ব্লাস্ট রোগ, কৃষক দিশেহারা
রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার ইরি-বোরো ধানখেতে নেক ব্লাস্ট (ধানের গলাপচা) রোগের আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করেও কোনো লাভ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার তারাগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের ৭ হাজার ৮০০ হেক্টর আর বদরগঞ্জ উপজেলায় ১৭ হাজার ৪১০ হেক্টর জমিতে ইরি, বোরো চাষ হয়েছে। হঠাৎ প্রতিকূল আবহাওয়ায় দুই উপজেলায় এ রোগ ছড়িয়ে পড়ছে। এ রোগের প্রভাবে খেতের ধানের শিষ আস্তে আস্তে সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে। ধান চিটা হয়ে যাচ্ছে।
তারাগঞ্জের সয়ার, আলপুর, ইকরচালী, হাড়িয়ারকুঠি, কুর্শা ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে কৃষকদের কথা বলে জানা গেছে, অনেক জমির বোরো ধানের শিষ সাদা হয়ে গেছে। শিষের গোড়ায় প্রথমে এ রোগ দেখা দিয়ে ক্রমান্বয়ে তা পুরো শিষকে গ্রাস করে। এ অবস্থায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
উপজেলার দোলাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘মুই ৬০ শতক জমিত ২৮ জাতের ধান নাগাছুং। গাছ দেখে মনে হইছিল ফলন ভালো হইবে। কিন্তুক হঠাৎ করি এই রোগ খেতোত ধরি শিষগুলা শুকি নষ্ট হয়ছে। ওষুধ দিয়াও কাম হয়ছে না।’
উপজেলার সয়ার ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আজম বলেন, তাঁর এলাকায় এ রোগ ব্যাপকভাবে দেখা দিয়েছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী খেতে কীটনাশক দিয়েও কোনো লাভ না হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। তাঁরা এ রোগ দমনে সঠিক পরামর্শের জন্য ইউনিয়ন পরিষদেও ভিড় করছেন।
এদিকে বদরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, ‘এ রোগ সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা মাঠে গিয়ে কৃষকদের মধ্যে লিফলেট বিতরণ করছি। এখন রোগ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।’
ওই কৃষি কর্মকর্তার মতে, এখন পর্যন্ত উপজেলায় মাত্র চার হেক্টর জমির ধান ওই রোগে নষ্ট হয়েছে। কিন্তু গত শনি ও গতকাল রোববার উপজেলার দামোদরপুর, মধুপুর, বিষ্ণুপুর, রামনাথপুর, কালুপাড়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শত শত হেক্টর ইরি, বোরো খেতে শিষ থাকলেও তাতে কোনো ধান নেই। খেতে শুধু খড় রয়েছে।
বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের শাহাপুর জেলেপাড়া গ্রামের আবদুল হক (৬০) অন্যের ৫২ শতক জমি চুক্তি নিয়ে ২৮ জাতের ধান চাষ করেছেন। তিনি বলেন, ‘জমিতে তিনবার স্প্রে করেছি। এবার জমির মালিককে কোথা থেকে ধান দেব, সেই চিন্তায় বাঁচোচি না।’
বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ব্লাস্ট রোগের কারণে কৃষক এবার পথে বসবে। ধানের শিষ থাকলেও তাতে কোনো ধান নেই।
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘কয়েক দিনের মেঘলা ঝোড়ো আবহাওয়ায় এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ২৮ জাতের ধানখেতে ওই রোগ দেখা দিয়েছে। তবে ছত্রাকনাশক প্রয়োগ করে সুফল পাওয়া যাচ্ছে।
আর তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, আবহাওয়া প্রতিকূল হওয়ায় নেক ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। যেসব জমি এখনো সংক্রমিত হয়নি বা কেবল সংক্রমণ দেখা দিয়েছে, সেগুলোতে প্রতিরোধক হিসেবে কাসোবিন, নাটিভো ট্রপার ছত্রাকনাশক ছেটানোর পরামর্শ দেওয়া হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে ঘুরে ঘুরে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।