ইলটিং বিলটিং ছট!

দুই বোন যখন ছোট ছোট পায়ে ঘরে ঢুকল, আমরা চোখ কচলে তাকালাম। দুিট মানুষ, অথচ দেখতে একই রকম! ওদের হাসি, কথা বলা, এমনকি হাঁটাও এক রকম! কী মজা তাই না! হুম, ওরা যমজ৷ নাম অনিন্দিতা নাথ রিয়া আর অপরাজিতা নাথ দিয়া। দুই বোনের বন্ধুত্বটা নাকি টম আর জেরির মতো! ঝগড়াঝাঁটি চলে ঠিকই, কিন্তু একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। সারাক্ষণ একসঙ্গে থাকে বলে রিয়া আর দিয়া মিলে ‘রিয়াদিয়া’ হয়ে গেছে! মা ওদের ডাকেন, ‘রিয়াদিয়া, খেতে এসো।’ ক্লাসে শিক্ষক বলেন, ‘রিয়াদিয়া, হোমওয়ার্ক করেছ?’

সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে ছোট্ট ‘রিয়াদিয়া’ বড় তারকা হয়ে গেছে। বিজ্ঞাপনচিত্রের গল্পটা বোধ হয় তোমাদের ঘটা করে বলতে হবে না। শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছ। হ্যাঁ, রবির ‘ইলটিং বিলটিং ছট’ বিজ্ঞাপনচিত্রের সেই দুই বোনই আমাদের রিয়া আর দিয়া। ইলটিং বিলটিং ছট মানে কী? রিয়া (নাকি দিয়া? নিশ্চিত নই! আলাপচারিতার পুরো সময়ই রিয়াকে দিয়া, আর দিয়াকে রিয়া ডেকে গুবলেট পাকিয়েছি!) বলল, ‘এটা হলো বাবাকে আনার ম্যাজিক!’ এই মন্ত্রটা বললেই নাকি বাবা অফিস থেকে বাড়ি চলে আসেন। রিয়া আর দিয়াকে এমন ম্যাজিক শিখিয়েছেন অমিতাভ রেজা, তিনিই বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা।
টিভিতে আর বড় বড় বিলবোর্ডে নিজেদের দেখে দুই বোন ভীষণ খুশি। খুশি রিয়া-দিয়ার বন্ধুরাও। আগে যেখানে সবাই বিজ্ঞাপন বিরতি শুরু হলেই চ্যানেল বদলে দিত, সেখানে এখন আত্মীয়স্বজন-বন্ধুরা টিভি খুলে বসে থাকে বিজ্ঞাপন দেখার জন্য! কখন ইলটিং বিলটিং ছট দেখাবে, সেই আশায়। রিয়া-দিয়ার বাবা সুজন কান্তি নাথ জানালেন, ছোটদের মধ্যে কেউ কেউ নাকি এই বিজ্ঞাপন না দেখে ভাত খেতে চায় না। তাই মা-বাবারাও বুদ্ধি করে মুঠোফোনে বিজ্ঞাপনচিত্রটির ভিডিও ‘সেভ’ করে রেখেছেন। এমন খ্যাতির খবর শুনে ওয়াইডব্লিউসিএ স্কুলের নার্সারিপড়ুয়া দুই তারকা তখন মিটিমিটি হাসছিল।
রিয়া-দিয়ার সবচেয়ে প্রিয় খেলা কী জানো? কথা বলা! দুজন নাকি সারা দিন কথা বলে। দুই বোন নিজেদের মধ্যে কী এত গল্প করে, সেটা মা-বাবার কাছেও একটা রহস্য। কথা বলতে যেহেতু এতই ভালো লাগে, আমরা ভাবছিলাম, ওরা বোধ হয় বড় হয়ে রেডিওর ‘আরজে’ হওয়ার কথা ভাবছে। তা না। বাবা সুজন কান্তি নাথ আর মা কমলিকা চক্রবর্তী—দুজনই চিকিৎসক। তাই দুই বোনও বড় হয়ে চিকিৎসক হতে চায়। কমলিকা নতুন কুঁড়ির পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী, ছায়ানটে গান করতেন। টুকটাক অভিনয়ের বিদ্যাটা রিয়া-দিয়া হয়তো মায়ের কাছেই পেয়েছে।
ডা. অনিন্দিতা নাথ রিয়া আর ডা. অপরাজিতা নাথ দিয়াকে কল্পনার চোখে দেখে নিয়ে আমরা যখন বিদায় নিচ্ছি, তখন রিয়া বলে উঠল, ‘আমি বড় হয়ে ম্যাজিশিয়ানও হব!’ বাহ, আমরা তাহলে একজন ‘ম্যাজিক জানা’ ডাক্তার পেয়ে গেলাম! ভেবে দেখো, তুমি হয়তো ডাক্তারের চেম্বারে গিয়ে বলছ, ‘আমার খুব পেটব্যথা’। ডাক্তার মশাই ওষুধ–পত্তর না দিয়ে ‘ছু মন্তর ছু’ বলে দিলেন এক ফুঁ, আর পেটব্যথা ভালো হলে গেল! কেমন হবে বলো তো?