ইলা মজুমদার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট ধ্রুপদি সংগীতশিল্পী ইলা মজুমদার আর নেই। গত সোমবার দিবাগত রাত দুইটা ২৬ মিনিটে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সংগীতজ্ঞ বারীণ মজুমদারের স্ত্রী ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের মা।গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাখা হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, আলী যাকের, শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল, শংকর সাঁওজাল, ত্রপা মজুমদার, মাহমুদুজ্জামান বাবুসহ অনেক বিশিষ্টজন। এ ছাড়া ছায়ানট, উদীচী, শিল্পকলা একাডেমী এবং ফ্যাশন হাউস রঙসহ বিভিন্ন প্রতিষ্ঠান ইলা মজুমদারের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে। পরে প্রয়াতের শেষ ইচ্ছা অনুযায়ী সবুজবাগ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাঁর অস্থিভষ্ম ওই মহাশ্মশানেই রাখা হয়েছে। শ্রাদ্ধ শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তা জলাঞ্জলি দেওয়া হবে। বাপ্পা মজুমদার জানান, তাঁর মা দীর্ঘদিন ডায়াবেটিস, রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। হঠাৎ করে গত সোমবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।ইলা মজুমদার ১৯৪১ সালে পাবনার রাধানগরে জন্মগ্রহণ করেন। শাস্ত্রীয় সংগীতে বিশেষ অবদানের জন্য ইলা মজুমদার ১৯৫৮ সালে স্বর্ণপদক পান। ২২ বছর শিক্ষকতা করেছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। তাঁর স্বামী ওস্তাদ বারীণ মজুমদারের প্রতিষ্ঠিত জাতীয় সংগীত মহাবিদ্যালয়ে শিক্ষকতা করেন ১৫ বছর।বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর বেশ কিছু লেখাও প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে তাঁর। এর মধ্যে উল্লেখযোগ্য: স্মৃতিতে শ্রুতিতে বারীণ মজুমদার, দিনগুলি মোর, সংগীতের তত্ত্ব কথা প্রভৃতি। শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি দুইবার গুণীজন সম্মাননায় ভূষিত হন। রত্নগর্ভা মায়ের স্বীকৃতিও পেয়েছিলেন ইলা মজুমদার।