ইলা মিত্রের জীবনী পাঠ্য করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার নাচোলের তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের ৮৭তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে।এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা ইলা মিত্রের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ এসব অনুষ্ঠানের আয়োজন করে।সংগঠনের সদস্য, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আসা কয়েক শ নারী-পুরুষ সকাল ১০টায় শহীদ সাটু হল প্রাঙ্গণে জড়ো হন। ঐতিহ্যবাহী দাসাই নাচের তালে তালে আদিবাসীদের একটি সাংস্কৃতিক দল শোভাযাত্রার নেতৃত্ব দেয়। শোভাযাত্রাটি শহর ঘুরে শহীদ সাটু হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। আদিবাসী মেয়েদের একটি সাংস্কৃতিক দল নেচে-গেয়ে অনুষ্ঠানের অতিথিদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার পর শুরু হয় আলোচনা সভা।ফারুকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সভাপতি মেসবাহ কামাল। তিনি জানান, ইলা মিত্রের সংগ্রামী জীবন, সাধারণ মানুষের জন্য তাঁর আত্মত্যাগ ও ভালোবাসা কিংবদন্তিতুল্য। তিনি বিশ্বের প্রধান নারীদের মধ্যে অন্যতম। বিশ্বের ১০০ মর্যদাবান নারীদের তালিকায় রয়েছেন। আর ইলা মিত্র আমাদের কাছে অনেক বড় একটি নাম। মুক্তিকামী মানুষের কাছে তিনি এখনো অনুপ্রেরণার উৎস। বেগম রোকেয়া ও সুফিয়া কামালের সঙ্গে ইলা মিত্রের জীবনীও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।সভায় আরও বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সভাপতি অনিল মারান্ডী, আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকি, উম্মে সালমা আবদুল্লাহ প্রমুখ।