ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তেভাগা আন্দোলনের স্মৃতিবিজড়িত নাচোলের কেন্দুয়ায় ইলা মিত্র স্মৃতিস্মৌধে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাণী ইলা মিত্র স্মৃতি সংসদের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের শুরুতেই এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ইলা মিত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
স্মৃতি সংসদের সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল থানা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোলের সহকারী কমিশনার (ভূমি) সরকার অসীম কুমার, নাচোল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আল্লামা আকবর, নাচোলের নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সদস্যসচিব মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, ইলা মিত্র শুধু সাঁওতালদেরই নেত্রী ছিলেন না। তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তেভাগা আন্দোলনের জন্য তিনি নজিরবিহীন নির্যাতনের শিকার হন। মহান মুক্তিযুদ্ধেও তিনি নানাভাবে সহায়তা দেন। কিন্তু এখনো এ দেশে ইলা মিত্রের নামে বড় কোনো স্থাপনা নেই। বক্তারা পাঠ্যবইয়ে তেভাগা আন্দোলন ও এর নেত্রী ইলা মিত্রের জীবনী অন্তর্ভুক্তের দাবি জানান।