ইলিয়াসের অপেক্ষায় তিনটি ঈদ কেটে গেল পরিবারের
‘আমাদের পরিবারে ঈদের কোনো আমেজ নেই। শুধু নিয়ম পালন করতে এবং শাশুড়ির সঙ্গে সময় কাটাতে ছেলেমেয়েকে নিয়ে ঈদে বাড়িতে এসেছি। দেখতে দেখতে তিনটি ঈদ পেরিয়ে গেলেও তাঁর (ইলিয়াস) কোনো খবর পেলাম না। এই অপেক্ষার শেষ কবে হবে, তা একমাত্র আল্লাহই জানেন।’ বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী ঈদের দিন শুক্রবার সকালে এ প্রতিবেদকের কাছে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন। তাহসিনা আরও বলেন, ছেলের অপেক্ষায় থেকে থেকে ইলিয়াসের মা সূর্যবান বিবি আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছেন। ইলিয়াসের বড় ছেলে আবরাব ইলিয়াস বলেন, ‘বাবার সঙ্গে ঈদের জামাত আদায় করা ছিল অনেক আনন্দের। কিন্তু বর্তমানে বাবা কোথায় আছেন, কী অবস্থায় আছেন, তা আমরা কেউ জানি না।’ ঈদের পরদিন গত শনিবার ইলিয়াসের বাড়িতে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর সালেহা আখতার ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী। ইলিয়াসের পরিবারের মতো নিখোঁজ গাড়িচালক আনসার আলীর পরিবারেও ঈদ আনন্দ নেই। সকাল থেকেই আনসারের মা নূরজাহান বেগম ও স্ত্রী মুক্তা বেগম চোখের জল ফেলে ঈদের দিন কাটিয়েছেন। আনসারের মা নূরজাহান বেগম বলেন, ‘আর কত দিন আমার পুয়ার (ছেলে) লাগি অপেক্ষা করতাম অইব (হবে) জানি না।’ ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ব্যক্তিগত গাড়িচালকসহ নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী।