ইলিশ আসবে কখন, অপেক্ষা আর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর নদীবন্দরে লঞ্চ ভেড়ার সঙ্গে সঙ্গে প্রথমেই চোখে পড়ে একটি বড় সাইনবোর্ড। লেখা—‘ইলিশের বাড়ি চাঁদপুর’। চাঁদপুরে প্রবেশের মুখে স্বাগত জানানোর এই ভাষাই হয়তো যথার্থ।

চাঁদপুরের ইলিশের নাম শুনলে যাঁরা উচ্ছ্বসিত হন, তাঁরা এই বাক্যের সঙ্গে দ্বিমত পোষণ করবেন না। প্রত্যাশিত দামে ইলিশ পেলে ক্রেতার মুখে হাসি ফোঠে। এ হাসি আরও বিস্তৃত হয়, যদি নিশ্চিত হন, সেটা চাঁদপুরের ইলিশ। স্বাদের কারণে চাঁদপুরের ইলিশের খ্যাতি চাঁদপুরকে ‘ইলিশের বাড়ি’ বানিয়েছে।

চাঁদপুর নদীবন্দরে স্বাগত জানিয়ে স্থাপন করা রয়েছে এমন একটি সাইনবোর্ড। চাঁদপুর নদীবন্দর, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার
চাঁদপুর নদীবন্দরে স্বাগত জানিয়ে স্থাপন করা রয়েছে এমন একটি সাইনবোর্ড। চাঁদপুর নদীবন্দর, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার

তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাড়ির মানুষ, অর্থাৎ চাঁদপুরবাসী ইলিশ কমই পান। টাটকা ইলিশের স্বাদ নেওয়ার সুযোগ চাঁদপুরবাসীর থাকলেও তাঁদের নাকের ডগা দিয়ে তা চলে যায় অন্য এলাকায়। বলা যায়, ইলিশ লাফ দিয়ে চলে যায় অন্যখানে। এর মধ্যে বেশির ভাগ ইলিশ চলে যায় ঢাকা ও সিলেট। চাঁদপুরের চেয়ে ঢাকায় ইলিশের দামও তুলনামূলকভাবে কম। টাটকা ইলিশ দিনে দিনে চাঁদপুরে বিক্রি না হলে তা রাতে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। মৌসুমে চাঁদপুরে ইলিশের প্রাচুর্যে রীতিমতো উৎসব চলে। দুই-আড়াই মাস পরই কাঙ্ক্ষিত ইলিশে সরগরম হয়ে উঠবে মাছ ঘাট। ক্রেতা-বিক্রেতারা অপেক্ষায় আছেন—কখন আসবে ইলিশ। গত বছরের মতো ভারী বৃষ্টি হলে এবারও প্রচুর ইলিশ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এখন অল্প যা কিছু ইলিশ পাওয়া যাচ্ছে, সেগুলো মৌসুমের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।

গত বৃহস্পতিবার ইলিশের জন্য প্রসিদ্ধ চাঁদপুর শহরে বড় স্টেশন মাছঘাটে গিয়ে এমন দৃশ্যই দেখা যায়। ডাকাতিয়া নদীর পাশেই গড়ে উঠেছে এই মাছঘাট। বেলা সাড়ে ১১টার সময় গিয়ে দেখা যায়, মাছঘাটে প্রবেশের প্রান্তে কোনো ক্রেতা-বিক্রেতা নেই। পানিতে স্যাঁতসেঁতে হয়ে আছে মেঝে। এর মধ্যেই দুই পাশে মাছ রাখার ঝুড়ি, কার্টন, মাছ শীতল রাখার ট্রাংক আকৃতির বড় বাক্স ‘ট্যাংকি’ রাখা।

চাঁদপুর মাছঘাটে প্রবেশের মুখ শূন্য পড়ে রয়েছে। বড় স্টেশন মাছঘাট, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার
চাঁদপুর মাছঘাটে প্রবেশের মুখ শূন্য পড়ে রয়েছে। বড় স্টেশন মাছঘাট, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার


ক্রেতা-বিক্রেতার আনাগোনা নেই। সেখানের একজন কর্মী পাশের বড় কক্ষের দিকে যেতে ইঙ্গিত করে জানালেন, মৌসুমের সময় এই প্রবেশকক্ষটিতেও ইলিশের সমাহার থাকে। এখন ইলিশ কম থাকায় শুধু ভেতরের কক্ষেই বিক্রেতারা রয়েছেন। সেখানে গিয়ে দেখা যায়, ছড়িয়ে-ছিটিয়ে বিক্রেতারা ইলিশ নিয়ে বসে আছেন। ক্রেতা রয়েছেন হাতে গোনা কয়েকজন। তাঁরা বিক্রেতাদের সঙ্গে দর-কষাকষি করছেন। এক পাশে অলস বসে রয়েছেন বেশ কয়েকজন।

দুটি ঝুড়িতে ২০টি ইলিশ নিয়ে বসেছিলেন বিক্রেতা মো. আরিফ। বললেন, এখন ইলিশ কম। সকাল ১০টায় ঘাটে মাছ আসার পর তিনি দেড় ঘণ্টায় কয়েকটি বিক্রি করছেন। এখন ২০টি মাছ বিক্রির জন্য বাকি আছে। রাত পর্যন্ত এগুলো বিক্রি করতে না পারলে রাতে ঢাকায় যাওয়া মাছের গাড়িতে তা তুলে দেবেন। তিনি দাবি করেন, ঢাকার চেয়ে চাঁদপুরে ইলিশের দাম বেশি। কারণ, চাঁদপুরে টাটকা ইলিশ পাওয়া যায়। তা ছাড়া পরিমাণে কম থাকায় দাম বেশি হয়।

ঝুড়িতে কয়েকটি ইলিশ দেখিয়ে মো. আরিফ বললেন, এগুলোর ওজন ১ কেজি ৩০০ থেকে ৪০০ গ্রাম। প্রতি কেজির দাম চাইছেন ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা। তবে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা কেজিপ্রতি দাম পেলে বিক্রি করে দেবেন। আর ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করছেন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। তবে আরিফ জানালেন, আর দুই-আড়াই মাস পরই এ চিত্র পাল্টে যাবে। বর্ষায় প্রচুর ইলিশ আসবে, সেই অপেক্ষায় তিনি আছেন।

মাছঘাটের ভেতরের কক্ষটিতে ক্রেতা-বিক্রেতার আনাগোনা। বড় স্টেশন মাছঘাট, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার
মাছঘাটের ভেতরের কক্ষটিতে ক্রেতা-বিক্রেতার আনাগোনা। বড় স্টেশন মাছঘাট, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার

মো. শাহীন নামের আরেক বিক্রেতা জানালেন, তিনি আজ এক মণ ইলিশ কিনেছেন বিক্রির জন্য। এর মধ্যে সকাল ১০টা থেকে দেড় ঘণ্টায় ২০ কেজি পর্যন্ত বিক্রি করেছেন। সন্ধ্যা পর্যন্ত আরও বিক্রি হবে। যেগুলো বিক্রি হবে না, সেই মাছগুলো পরদিন বিক্রি করার জন্য ‘ট্যাংকি’তে রেখে দেবেন অথবা ঢাকায় পাঠিয়ে দেবেন।

শাহীনের কাছ থেকে দর-কষাকষি করে ৯০০ গ্রাম ওজনের পাঁচ কেজি ইলিশ কিনেছেন চাঁদপুর শহরের বাসিন্দা আরিফ হোসেন। বললেন, প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা করে কিনতে পেরেছেন। তিনি এখান থেকে নিয়মিত মাছ কেনেন বলে জানালেন।

ঘাটের পাশে মালিক সমিতির কার্যালয়। সেখানে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি কাজী আবদুল খালেকের সঙ্গে কথা হয়। তিনি জানান, এই ঘাটে দুই থেকে আড়াই হাজার মাছ ব্যবসায়ী রয়েছেন। মৌসুমে এই ঘাটে দেড় থেকে দুই হাজার মণ মাছ প্রতিদিন বিক্রি হয়। এখন ঘাটে দিনে পাঁচ মণের বেশি মাছ আসে না। এর মধ্যে ৪০ থেকে ৫০ কেজি চাঁদপুরে বিক্রি হয়। তিনি জানান, মৌসুমের চেয়ে এখন ইলিশের দামও বেশি। এ কারণে অনেকে ইচ্ছা থাকলেও কেনেন না। মৌসুমে এক মণ ইলিশ ১৬ হাজার থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হয়। এখন সেটা প্রতি মণ ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

চাঁদপুরের ইলিশ কোথায় বেশি বিক্রি হয়, তা জানতে চাইলে কাজী আবদুল খালেক বলেন, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও জামালপুরে চাঁদপুরের ইলিশ বেশি যায়। এর মধ্যে সবচেয়ে বেশি সিলেটে যায়। এরপরই রয়েছে ঢাকার অবস্থান।

দুই ঝুড়িতে ইলিশ নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে মাছ বিক্রেতা। বড় স্টেশন মাছঘাট, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার
দুই ঝুড়িতে ইলিশ নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে মাছ বিক্রেতা। বড় স্টেশন মাছঘাট, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার

কাজী আবদুল খালেক জানান, কয়েক বছর আগে বৈশাখ মাসেও প্রচুর ইলিশ ধরা পড়ত। এখন নদীতে চর পড়ে গেছে। এ কারণে বর্ষায় পানি বাড়লে শ্রাবণ-ভাদ্র মাসে ইলিশ বেশি দেখা যায়। এখন মাছ ব্যবসায়ী, বিক্রেতা, ক্রেতা—সবাই বর্ষার জন্য অপেক্ষা করছেন।

মাছঘাট থেকে বের হওয়ার সময় বিক্রেতা জাহাঙ্গীর হোসেন নিজেই এগিয়ে এসে কথা বলেন। তাঁর অভিযোগ, অনেক বিক্রেতা মিয়ানমারের ইলিশকে চাঁদপুরের নামে বিক্রি করে ক্রেতা ঠকান। চাঁদপুরের ইলিশ স্বাদের কারণে বিখ্যাত। মিয়ানমারের ইলিশ তত সুস্বাদু নয়। এতে চাঁদপুরের ইলিশের সুনামহানি হয়।

চাঁদপুরের ইলিশ কেন এত সুস্বাদু?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম নিয়ামুল নাসের এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, চাঁদপুরে নদীর পানির বিশেষ খাদ্যকণার জন্য এখানের ইলিশ বেশি সুস্বাদু হয়। চাঁদপুরের নদীতে যে জীবিত খাদ্যকণা পাওয়া যায়, সেগুলো অনন্য। এই খাদ্যকণা খাওয়ায় মাছের দেহের চর্বির গঠনে পরিবর্তন আসে। এ কারণে সেখানের ইলিশের স্বাদ বেশি লাগে। সমুদ্রের ইলিশে সেই স্বাদ থাকে না। চাঁদপুরে যে ইলিশ পাওয়া যায়, সেগুলো মেঘনা হয়ে পদ্মায় যায়। পদ্মায় ইলিশগুলো যেতে পারলে স্বাদ আরও বাড়ে।

নিয়ামুল নাসের বলেন, চরের কারণে ইলিশগুলো অবাধে পদ্মায় যেতে পারে না। পদ্মা নদীতে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তরেখা হয়ে গেছে। দুই দেশের আইন অনুসারে সেখানে এককভাবে নদীতে খনন করা যায়। যৌথ সম্মতিতে সেখানে খনন করা গেলে দুই দেশই প্রচুর ইলিশ পেত।

ঝুড়িতে রাখা ইলিশ। বড় স্টেশন মাছঘাট, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার
ঝুড়িতে রাখা ইলিশ। বড় স্টেশন মাছঘাট, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার

প্রাণিবিদ্যার এই শিক্ষক বলেন, ইলিশ সারা বছরই অল্পবিস্তর আসে। বর্ষাকাল ও শীতকালে প্রজনন হয় ইলিশের। প্রজননের সময় নদীতে ইলিশ আসায় বেশি ধরা পড়ে। ইলিশের জন্য গভীর পানি প্রয়োজন। বর্ষায় পানির প্রবাহ থাকে বেশি। উজানের বৃষ্টিপাত ইলিশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার বর্ষার স্থায়িত্বকাল বেশি হবে বলে মনে হচ্ছে। আর তা হলে গতবারের চেয়েও এবার ইলিশ বেশি পাওয়া যেতে পারে। গতবার আগাম বন্যার কারণে রাজশাহীর গোদাগাড়ী, আসাম ও ফারাক্কা বাঁধের নিচে প্রচুর ইলিশ পাওয়া গেছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, গত বছর ১৭ এপ্রিল থেকে অতিবৃষ্টি হয়েছিল। এবারও তেমন ভারী বৃষ্টি হলে প্রচুর ইলিশ পাওয়া যাবে। তিনি বলেন, ইলিশের জন্য চাঁদপুর হচ্ছে কেন্দ্রস্থল। ভোলা, বরিশাল ও নোয়াখালী থেকে ইলিশভরা নৌকা চাঁদপুরের ঘাটে আসে। চট্টগ্রাম থেকেও আসে কিছু। অনেক জেলেকে দাদন দেওয়া হয়, ধরে আনা ইলিশ এই ঘাটেই তাঁরা বিক্রি করতে বাধ্য থাকেন। এই ঘাটে ইলিশগুলো নামার পর তা দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়।

মো. আসাদুল বাকী বলেন, ভালো ওজনের ইলিশগুলো সাধারণত চাঁদপুরে থাকে না। সেগুলোর বেশির ভাগ চলে যায় সিলেট ও ঢাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি যায় সিলেটে। তবে চাঁদপুরে ইলিশের বাইরে স্থানীয় মাছেরও প্রচুর চাহিদা রয়েছে বলে তিনি জানান।

ইলিশ নিয়ে চলছে ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি। বড় স্টেশন মাছঘাট, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার
ইলিশ নিয়ে চলছে ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি। বড় স্টেশন মাছঘাট, চাঁদপুর, ১০ মে। ছবি: নাজনীন আখতার

গত বছর ভরা মৌসুমে ইলিশের আধিক্য ছিল অন্যতম আলোচিত ঘটনা। চার দশকে ইলিশের উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে ৩ লাখ ৯৮ হাজার টন ইলিশ মাছ উৎপাদিত হয়েছে।

২০১৬-১৭ অর্থবছরে ইলিশ উৎপাদিত হয়েছে ৪ লাখ ৯৪ হাজার মেট্রিক টন। বর্তমানে অভ্যন্তরীণ নদ-নদী থেকে যে পরিমাণ ইলিশ আহরণ করা হয়, এর দ্বিগুণ পরিমাণ সাগর থেকে আহৃত হচ্ছে।