ইলিশ কেনার এই তো সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপণ্যের বাজার এখনো অস্থির রয়েছে। চলতি সপ্তাহে শাকসবজি ও মাছের দাম কিছুটা বেড়েছে। পেঁয়াজের দামও এখনো উচ্চমূল্যে স্থিতিশীল। তবে ইলিশ মাছের দাম কমেছে। ইলিশ মাছ খাওয়ার এখনই সময়। এ ছাড়া নতুন করে দাম বেড়েছে গুঁড়া দুধের।

দুই সপ্তাহের ব্যবধানে বেগুন, শসা, পটোল, শিম, পেঁপে, লাউ, মিষ্টিকুমড়াসহ প্রায় সব ধরনের শাকসবজির দাম কেজিতে ৫
থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর বাজারে গতকাল শুক্রবার  শাকসবজির বাড়তি দাম দেখা গেছে।

রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী ও উত্তরার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে। কমেছে ব্রয়লার মুরগি, চিনি, বোতলজাত তেল ও আলুর দাম।

বাজারে এখন চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। দুই সপ্তাহ আগে এর দাম ছিল ৪০ টাকা। রোজার পর বেগুনের দাম আর কমেনি। এখনো ৪৫ টাকার নিচে এক কেজি বেগুন মিলছে না। কেজিপ্রতি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। ভালো মানের এক কেজি শসার দাম ৪০ থেকে ৪৫ টাকা।

বাজার ঘুরে আরও দেখা গেছে, কাঁকরল, করলা, মুলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। পেঁপের দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা। আর মাঝারি আকারের লাউয়ের দাম ৫০ থেকে ৬০ টাকা। এক ফালি মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।

উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচাবাজারের সবজি বিক্রেতা বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাজারে সবজির সরবরাহ কম। আর ঈদের পর শীতের মৌসুমি শাকসবজি বাজারে আসা শুরু করবে। এখন বাজারে সবজির সংকট রয়েছে। এ কারণে দাম কিছুটা বাড়তির দিকে।

ইলিশ ছাড়া সব ধরনের মাছের দাম কিছুটা বেড়েছে। তুলনামূলক কম দামে বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে। ৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশের দাম ৫০০ থেকে ৮০০ টাকা চাইছেন মাছ বিক্রেতারা। এর চেয়ে ছোট আকারের ইলিশ ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।

বাজারে অন্য মাছের দাম দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। আকারভেদে রুই মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫০ থেকে ৩২০ টাকায়। পাঙাশ মাছের কেজি ১২০ থেকে ১২৫ টাকা। আকারভেদে তেলাপিয়া মাছের দাম ১৩০ থেকে ১৬০ টাকা।

চিংড়ি মাছের কেজি ৪৫০ টাকা থেকে শুরু হয়েছে। বড় আকারের চিংড়ির দাম কেজিপ্রতি ৭০০ টাকা পর্যন্ত। 

ব্রয়লার মুরগির দামও বেশ কমেছে। এক মাসের ব্যবধানে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা কমেছে। কারওয়ান বাজারে এক কেজি ওজনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। গরু ও খাসির মাংসের দামও কিছুটা কমেছে। এক কেজি গরুর মাংসের দাম ২৭০ থেকে শুরু হয়ে ৩০০ টাকা পর্যন্ত। এক কেজি খাসির মাংস ৪২০ থেকে ৪৪০ টাকা। মূলত কোরবানির ঈদ আসন্ন, তাই মাংসের চাহিদা কিছুটা কমে যাওয়ায় দাম কমছে বলে মনে করেন দোকানিরা।

প্রায় দেড় মাস ধরে পেঁয়াজের বাজার অস্থির। বর্তমানে আমদানি করা এক কেজি পেঁয়াজ ৭২ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৭৫ টাকা।

এদিকে সব ধরনের প্যাকেটজাত গুঁড়া দুধের দাম আবার বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে আধা কেজি ওজনের ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম ১৫ টাকা বেড়ে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০০ গ্রাম ওজনের ডানো বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। ১০ টাকা বেড়ে ৪০০ গ্রাম ওজনের মার্কস ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম এখন ২২০ টাকা।

তবে বোতলজাত তেলের দাম কিছুটা কমেছে। পাঁচ লিটারের রূপচাঁদা ও তীর ব্র্যান্ডের বোতলজাত তেলের দাম যথাক্রমে ৫৮০ ও ৫৭০ টাকা। এ ছাড়া কেজিপ্রতি আলু ১৪ টাকা, খোলা চিনি ৪৫ টাকা, মোড়কজাত চিনি ৫০ টাকা, রসুন ৭০ থেকে ৮০ টাকা, মানভেদে ডাল ৯৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।