ইলিশ মাছ কেনার দায়ে গত শুক্রবার দিবাগত রাতে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিন মণ ইলিশ আটক করেছে প্রশাসন। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সারা দেশে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, পরিবহন ও বিপণন সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। রায়পুর থেকে দুই ব্যক্তি মেঘনা নদীর পাড়ে গিয়ে ইলিশ কেনেন। এ সময় পুলিশ ইলিশসহ তাজুল ইসলাম ও ফারুক হোসেন নামের ওই দুই ব্যক্তিকে আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই দুই ব্যক্তি নিজেদের দোষ স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর তাঁদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন। জানা গেছে, ডিম ছাড়ার আগে ইলিশ মাছ দুর্বল থাকে। এ সময় নদীতে জাল ফেললেই আটকা পড়ে ইলিশ। অন্য সময় এভাবে মাছ আটকা পড়ে না। এ জন্য একশ্রেণীর লোভী জেলে বেশি লাভের জন্য নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে অবাধে ডিমওয়ালা ইলিশ নিধন করেন।রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, নিষেধাজ্ঞা চলাকালে নদীতে ইলিশ ধরা রোধে প্রশাসন তৎপর রয়েছে। নদীতে অভিযান চালিয়ে প্রায় তিন মণ ইলিশ আটক করা হয়েছে। তা ছাড়া শুক্রবার রাতে ইলিশসহ আটক তাজুল ইসলাম ও ফারুক হোসেনকে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।